নিলামে উঠছে নোবেল পদক
নিলামে উঠতে যাচ্ছে জিন আবিষ্কারক ড. ফ্রান্সিস ক্রিকের নোবেল পুরস্কারের পদক। আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হবে। মানবদেহে জিনের গঠন চিহ্নিত করে ১৯৬২ সালে নোবেল পুরস্কার পান ফ্রান্সিস ক্রিক। ক্রিকের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিলাম সংস্থা হেরিটেজের কাছে তার নোবেল পদকটি তুলে দিয়েছেন। এটি ২৩ ক্যারেট গোল্ডের একটি পদক। এর প্রারম্ভিক দাম হতে পারে ২ লাখ ৫০ হাজার ডলার। -ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর
নরখাদক পুলিশ
নরখাদক পুলিশ। মহিলাদের অপহরণ করে ভোগ করার পর যাদের মাংস খাওয়াই ছিল যার পেশা। তেমনই একজন মানুষরূপী পশুর বর্ণনা দিলেন তারই স্ত্রী ক্যাথলিন ম্যানগান ভালে। মঙ্গলবার ম্যানহাটন আদালতে কান্নায় ভেঙ্গে পড়ে এসব কথা জানালেন তিনি। ক্যাথলিন বলেন, শুধু এসব করেই সে ক্ষান্ত হয়নি। এরপর তা ভিডিও করে রেখে দিত সে। ভিডিওগুলো আবার বিশেষ ওয়েবসাইটেও ছেড়ে দেয়া হতো। ক্যাথলিন জানান, প্রতি মুহূর্তে তিনি স্বামীর হাতে খুন হওয়ার আতঙ্কে থাকতেন।-আনন্দবাজার পত্রিকা
মালিতে বোমায় নিহত ৭
মালির উত্তরাঞ্চলীয় শহর কিদালে বুধবার শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে সাতজন নিহত হয়েছে। সেখানকার একটি চেক পয়েন্টকে লক্ষ্য করে জঙ্গিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলো ইদানীং কিদালসহ বিভিন্ন স্থানকে টার্গেট করে বোমা হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হলো। জাতিসংঘের মানবিক কার্যক্রমের ঊর্ধ্বতন কর্মকর্তা জন গিং বলেন, দেশটির বর্তমান অস্থির অবস্থার পরিপ্রেক্ষিতে বাস্তুচ্যুত কয়েক লাখ লোক এখন দেশে ফিরতে পারছে না। বর্তমানে নিরাপত্তা ব্যবস্থার অনেকটা উন্নতি হলেও নতুন নতুন আতঙ্কের কারণে তারা দেশে আসতে ভয় পাচ্ছেন।-বিবিসি
হাঙ্গরের আক্রমণে মৃত্যু
নিউজিল্যান্ডের অকল্যান্ডের কাছের এক সমুদ্র সৈকতে বুধবার হাঙ্গরের আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা জানান, দুপুরে অকল্যান্ডের প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে মুরিওয়াই সমুদ্র সৈকতে আক্রমণের এ ঘটনা ঘটে। তারা বলেন, হাঙ্গরের আক্রমণের শিকার ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৭ বছর। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালানোর সময় পুলিশ হাঙ্গরটিকে গুলি করে। লোকটি সাঁতার কাটার সময় হাঙ্গরের আক্রমণের শিকার হয়। -এএফপি
