ভাগ্য এবার মুখ ফিরিয়ে নেয়নি মোহাম্মদ আশরাফুলের কাছ থেকে। দুর্দান্ত পারফর্মেন্স করেও যখন জাতীয় দলের দরজা খুলছিলো না তার, একরকম আশাই ছেড়ে দিয়েছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত গত বুধবার সন্ধ্যায় সুখবরটা পেলেন। শাহরিয়ার নাফীসের বদলি হিসেবে শ্রীলঙ্কাগামী ১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে ঠাঁই হয়েছে তার। দলে আশরাফুলের অন্তর্ভুক্তিতে অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমও স্বস্তি পাচ্ছেন। কারণ ইনজুরিগ্রস্ত বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় যে রয়েছেন একমাত্র আশরাফুল। কাল অনুশীলন শেষে অধিনায়ক মুশফিকের কাছ থেকেও পাওয়া গেল সে কথা, ‘আশরাফুল ভাই আসা পজিটিভ। সাকিব, নাঈম ভাই না থাকায় মিডল অর্ডারে দলের শক্তি কমে গিয়েছিল। সেই অভাবটা এখন একটু কমবে। আর দলে তার আসাটা প্রাপ্য। আমি সবসময় বলি, আশরাফুল ভাই মেধাবি ক্রিকেটার। তিনি ধারাবাহিকভাবে রান পেলে বাংলাদেশই লাভবান হবে। শেষ কয়েকটি ম্যাচে খুব ভালো খেলেছেন। বিপিএলে শতক পেয়েছেন। শ্রীলংকার বিরুদ্ধে তার রেকর্ড খুব ভালো। চারটি সেঞ্চুরি রয়েছে টেস্টে। আশা করি তিনি ফর্ম ধরে রাখবেন এবং শ্রীলংকার বিরুদ্ধে কিভাবে খেলতে হয় তা আমাদের মাঝে শেয়ার করবেন’।
২০০৭ সালে বাংলাদেশের সর্বশেষ শ্রীলংকা সফরে তিনি ছিলেন দলের অধিনায়ক। এবার মুশফিকের অধীনে তিনি খেলতে যাচ্ছেন। ৫৭ টেস্টে ২৪১৯ রান তার। টেস্টে পাঁচটি সেঞ্চুরি তার, এর মধ্যে চারটি শ্রীলংকার বিরুদ্ধে। কাল অনুশীলন শেষে হাসতে হাসতেই আশরাফুল বললেন, ‘শ্রীলংকার বিরুদ্ধে আরো একটি সেঞ্চুরি চাই আমি। বাকিটা ভাগ্য’। আসলেই ভাগ্য, নইলে নাফীসের কেন ব্লেড দিয়ে হাত কাটবে? নাফীসের ইনজুরি তিনিও শেষ পর্যন্ত জাতীয় দলে!
