কৃত্রিমভাবে কাপ্তাই হ্রদের পানির স্তর স্থিতিশীল রাখার ফলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কৃষকদের চাষাবাদ বন্ধ থাকায় এলাকাবাসী গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
‘সাধারণত পৌষ থেকে চৈত্র মাসের মধ্যে কাপ্তাই হ্রদের পানির স্তর ধীরে ধীরে কমতে থাকলে ভেসে ওঠা জমিতে (যাকে জলেভাসা জমি বলা হয়) ধান রোপণ করা হয় এবং বর্ষা শুরুর আগে ফসল ঘরে তোলা হয়। কিন্তু এ বছর পানির স্তর না কমানোর কারণে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় হাজার হাজার কৃষকের চাষাবাদ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে তারা এখন তাদের ভবিষ্যত্ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।’
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফসহ সাত সংগঠন গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে পানির স্তর দ্রুত কমিয়ে কৃষকদের জলেভাসা জমিতে চাষের অধিকার দেয়ার দাবি জানান। এছাড়া তারা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত জলেভাসা জমির মালিকদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনার ভিত্তিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বাড়ানো-কমানোর সুনির্দিষ্ট নীতিমালা তৈরিরও দাবি জানান।
