৮টি দল নিয়ে ঈমান ও দেশরক্ষা আন্দোলন নামে নতুন জোট

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
ইসলামী ও সমমনা ৮টি দল নিয়ে ‘ঈমান ও দেশরক্ষা আন্দোলন’ নামে একটি নতুন জোটের ঘোষণা দেয়া হয়েছে। ইসলামী ও সমমনা ১২টি দলে এতদিন ‘জামায়াত ঘেঁষা কিংবা সমর্থিত’ বলে যারা পরিচিত ছিল তাদের বাদ দিয়ে গতকাল বুধবার পুনর্গঠিত এ জোটের ঘোষণা দেন উদ্যোক্তারা। তারা জানিয়েছেন, জামায়াতের ডাকা আজকের হরতালে তাদের সমর্থন নেই। এছাড়া ব্লগে মহানবী (সা.) ও ইসলাম অবমাননার প্রতিবাদে এ জোটের ব্যানারে আগামী ৮ মার্চ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করা হবে। ‘ঈমান ও দেশরক্ষা আন্দোলন’-এর ঘোষণা উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উদ্যোক্তারা জানান, এ জোটে জামায়াত বা জামায়াত সমর্থিত কোনো সংগঠন নেই। জামায়াত বিষয়ক বিতর্ক এড়াতেই এই উদ্যোগ, যেন তাদের আন্দোলন নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। ৮ দলের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ জানান, ইসলাম বিরোধী সকল চক্রান্ত রুখতেই তারা এ জোট গড়েছেন। আগে তারা ইসলামী ও সমমনা ১২ দলের ব্যানারে আন্দোলন করছিলেন। কিন্তু তা নিয়ে কিছু বিভ্রান্তি দেখা দেয়ার কারণেই তারা এখন নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, গতবছর ইসলামী ও সমমনা ১২ দল নিয়ে জোট গঠন হয়, এর প্রধান সমন্বয়ক ছিলেন শাহ আহমাদুল্লাহ আশরাফ। ৮ দলীয় জোটের বর্তমান শরিকরা হচ্ছে- আব্দুল লতিফ নেজামীর নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামী, জমিয়াতুল ওলামায়ে পরিষদ, গণসেবা আন্দোলন, নাস্তিক-মুরতাদ প্রতিরোধ কমিটি ও ওলামা মাশায়েখ সমন্বয় পরিষদ।