একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের দিন আজ বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। গতকাল বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের দিন ঘোষণা করে। এরপর জামায়াত নেতৃবৃন্দ জরুরি বৈঠকে বসেন। বৈঠকে হরতাল আহ্বানের সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে হরতালের নামে নৈরাজ্য প্রতিহত করতে রাজধানীতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বৈঠকশেষে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ড ও পীর-মাশায়েখ, আলেম-ওলামাদের উপর জুলুম নিপীড়নের প্রতিবাদে ও বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এর আগে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার রায় ঘোষণার দিনও সারাদেশে হরতাল করে জামায়াত।
