‘সাগর-রুনি হত্যার ঘটনায় ডিএনএ নমুনায় দুইজন শনাক্ত’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড) পরীক্ষার মাধ্যমে দুইজনকে শনাক্ত করা হয়েছে। এই দুইজনের ডিএনএ নমুনার সঙ্গে সন্দেহভাজন অপরাধীদের ডিএনএ নমুনা পরীক্ষা করে খুনীদের সনাক্ত করা হবে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে ৯ দফা দাবি নিয়ে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এ তথ্য জানান। তিনি বলেন, সাগর-রুনি হত্যকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ছুরি ও কাপড়ের অংশ আলমত হিসাবে ডিএনএ পরীক্ষার জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল। অপরাধী সনাক্ত করতে এই ডিএনএর সঙ্গে মিল আছে কিনা-তা পরীক্ষা করতে সম্ভাব্য অপরাধীদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। বৈঠকে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাগর-রুনি হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৮ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন রুনির বন্ধু তানভীর রহমান, সাগর-রুনির ফ্ল্যাটের দারোয়ান হুমায়ন ওরফে এনামুল, পলাশ রুদ্র পাল ও ডা. নিতাই হত্যা মামলার ৫ আসামি কামরুল হাসান অরুণ, পেশাদার ডাকাত রফিক, বকুল, মিন্টু ও সাঈদ।