মিসরের প্রধান বিরোধী জোট স্বচ্ছতার ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। ক্ষমতাসীন ইসলাপন্থি ও বিরোধীদের মধ্যকার বিরোধ দিন দিন বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মুসরিকে বলেছেন, ২০১১ সালের গণজাগরণের গণতান্ত্রিক মূল্যবোধ ‘রক্ষার দায়িত্ব’ তার। মুরসির সাথে এক ফোনালাপের পর দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ওবামা নারী ও সকল ধর্ম বিশ্বাসীসহ সব মিসরীয়র প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে মুরসির অঙ্গীকারকে স্বাগত জানিয়েছেন খবর এএফপির।
উদারপন্থি ও বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর জোট ন্যাশনাল সালফেশন ফ্রন্টের এক বৈঠক শেষে ফ্রন্টের সদস্য সামেহ্ আশুর মঙ্গলবার কায়রোতে সাংবাদিকদের বলেন, ফ্রন্টের সর্বসম্মত সিদ্ধান্ত হল নির্বাচন বর্জন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি আইন প্রণয়ন ছাড়া কোন নির্বাচন হবে না। আশুর বলেন, দেশ বাঁচাতে একটি নতুন সরকার গঠনসহ ফ্রন্টের বেশকিছু দাবি-দাওয়া উপেক্ষা করার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ন্যাশনাল সালভেশন ফ্রন্ট সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে মুহাম্মদ মুরসির ডাকা জাতীয় সংলাপে অংশগ্রহণের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
মিসরে আগামী ২৭ এপ্রিল নির্বাচন অনুষ্ঠান এবং ৬ জুলাই নতুন পার্লামেন্টের অধিবেশন ডাকার কথা রয়েছে।
