কলকাতায় সূর্যসেন মার্কেটে আগুন, নিহত ২০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
গতকাল বুধবার ভোরে ভারতের কলকাতার শিয়ালদহ স্টেশনের কাছে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নিহত হয়েছে ২০ জন। তারা সকলেই রাতে ওই মার্কেটের বিভিন্ন তলায় ঘুমাচ্ছিল। ভবনটি থেকে ১৭ জন কোনভাবে বের হতে পারলেও পারেননি ওই ২০ জন। অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার আশংকা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেছেন, তিন দিনের মধ্যে ঘটনার তদন্ত করা হবে। ভোরে সূর্যসেন মার্কেটের তিন তলার একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের লোকজন। কী হয়েছে ভালো করে বোঝার আগেই দাউ দাউ করে আগুন ধরে যায় ভবনের প্রথম তিনটি তলায়। বাঁচার জন্য চিত্কার করতে থাকেন ভবনটির মধ্যে থাকা লোকজন। তাদের চিত্কারে আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করেন। দামকল বাহিনী এসে ঘণ্টাখানেক পর শুরু করে কাজ। তারা কয়েক জনকে বের করে আনেন। পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলে একে একে বের করে আনা হয় ২০টি মৃতদেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা রাতে ওই মার্কেটের বিভিন্ন তলায় থাকতেন। কাজ করতেন আশপাশের বিভিন্ন মার্কেটে। তাদের বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। মূল দরজায় তালা মারা থাকায় এবং অপরিসর প্রবেশ পথ হওয়ায় ভবনটি থেকে বেরিয়ে আসতে পারেননি তারা। পুলিশ জানিয়েছে, ভবনটির তিনতলায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দ্রুত বিদ্যুতের তার বেয়ে তা ছড়িয়ে পরে অন্য তলায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঘটনাস্থল দেখে নাশকতার আশংকা করেছেন। তিনি বলেন, ৩ দিনের মধ্যে তদন্ত করে প্রকৃত কারণ খুঁঁজে বের করা হবে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ঘটনাস্থলে বলেছেন, আরও সতর্কভাবে অগ্নিনির্বাপক বিধি মানা উচিত। না হলে এরকম অগ্নিকাণ্ড আরও ঘটতে পারে। ২০১১ সালের ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডে কলকাতার আমরি হাসপাতালে পুড়ে মৃত্যু হয় ৯১ জন রোগীর। তারপর কলকাতা শহরে অগ্নিনির্বাপক বিধি যথাযথ ভাবে মানার কথা বলা হয়েছিল।