কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মন্তাজ আলী (২৪)। এলাকাবাসী জানান, বুধবার ভোরে কোম্পানীগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়ার নিকট ঘোরাফেরার সময় বিএসএফ আকস্মিক গুলি চালিয়ে মন্তাজ আলীকে ঘটনাস্থলেই হত্যা করে। এসময় স্থানীয় নাজিরের জুয়েল (১৬) ও আব্দুল হাসিম (৩৫) গুলিবিদ্ধ হন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মন্তাজ আলীর বুকে-পিঠে নয়টি গুলি পাওয়া যায়। বিএসএফ মন্তাজ আলীর লাশ কাঁটাতারের বেড়ার উপর ঝুঁলিয়ে রাখে বলে এলাকাবাসী জানান। পথচারীরা তার লাশ দেখতে পেয়ে বাড়িতে খবর দিলে লাশ উদ্ধার করে তার আত্মীয়-স্বজন। কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কান্তি ধর মন্তাজ আলীর লাশ কোম্পানীগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে। ওসি (তদন্ত) জানান, জুয়েল ও আব্দুল হাসিমের খোঁজ না পেয়ে তার স্বজন বিজিবিকে বিষয়টি অবগত করেন। বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মাধ্যমে আহতদের নিয়ে এসেছে। তারা হাসপাতালে চিকিত্সাধীন। শিবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশীকে নির্যাতন শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে গতকাল বুধবার বিজিবি কর্তৃক পিস্তল আটক এবং মঙ্গলবার রাতে মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্তে বিএসএফের নির্যাতনে দুইজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ভোর ৪টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নে কিরণগঞ্জ বিওপির বিজিবি জোয়ানরা সীমান্তের আমবাগানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার কিছুক্ষণ পর বিনোদপুর এলাকা থেকে লাইসেন্সবিহীন ভারতীয় ২টি মোটর সাইকেল আটক করে। কিরণগঞ্জ বিওপি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নে মাসুদপুর ঠুঠাপাড়া সীমান্তে দুইজন চোরাচালানি অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ তাদের ধরে নির্যাতন করে ছেড়ে দেয় এবং ২ রাউন্ড ফাঁকা গুলি করলে মাসুুদপুর সীমান্ত এলাকায় আতংক সৃষ্টি হয়। মনাকষা বিওপি কমান্ডার সুবেদার মোহাঃ আখতার হোসেন ঘটনাটি অস্বীকার করেন।