রাজশাহী ও শিবগঞ্জে পুলিশের সঙ্গে জামায়াতের সংঘর্ষ, ওসিসহ আহত ৪০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৫
গতকাল বুধবার বিকালে রাজশাহী ও শিবগঞ্জে পুলিশ ও জামায়াত সংঘর্ষে ওসিসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। রাজশাহী মহানগরীর শিরোইল কলোনিতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদিকে শিবগঞ্জ বাজারে জামায়াত-শিবির কর্মীরা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে মিছিল বের করলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করলে শিবগঞ্জ থানার ওসি জমির উদ্দীন আহমেদ ও কয়েকজন পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। এ সময় জামায়াত-শিবির শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষ চলাকালে পুলিশ ২ রাউন্ড চাইনিজ, ৪৭ রাউন্ড শট গানের গুলি ও ২৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। এসময় ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল সহকারে ইসলামী ব্যাংক ভাংচুর করে। বর্তমানে শিবগঞ্জ বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। বেশ কিছু বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামায়াত-শিবির কর্মীরা রাজশাহীর শিরোইল কলোনি এলাকায় আজ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ মিছিলে বাধা দিলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় স্থানীয়রা দুই শিবির কর্মী তৌকির আহমেদ (২২) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রথম বর্ষের ছাত্র লিয়াকত আলীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় রাজশাহীতে ৮ জন শিবির কর্মীকে আটক করা হয়েছে।