ইসলামকে জামায়াতের কাছে ইজারা দেয়া হয়নি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
ইসলামী ঐক্যজোটের নেতা ও জেলা ইমাম পরিষদের প্রধান উপদেষ্টা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস’র মুক্তির দাবি জানিয়েছে যশোর ইমাম পরিষদ। আর তা না হলে ইমাম পরিষদ কঠোর কর্মসূচি গ্রহণ করবে। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব মিলনায়তনে জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে এই দাবি জানান। যশোর ইমাম পরিষদের সভাপতি আব্দুল মান্নান বলেন, ‘ইসলাম’কে জামায়াতের কাছে ইজারা দেয়া হয়নি। ইসলাম আর জামায়াত এক নয়। এ বিষয়টি আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু সরকার বিষয়টি গুলিয়ে ফেললে তার দায়ভার ইমাম পরিষদ নেবে না। তিনি আরো বলেন, বুধবার মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে গ্রেফতার করেছে পুলিশ । তবে কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা পরিষ্কার নয়। সম্প্রতি ব্লগে মহানবী (সা.) কে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। মহানবী’র অবমাননা কোনো মুসলমান মেনে নিতে পারে না। এ অবমাননার প্রতিবাদে ইমাম পরিষদ বৃহস্পতিবার সকাল ১০টায় দড়াটানা ভৈরব চত্বরে সমাবেশ করবে। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ইমাম পরিষদের উপদেষ্টা আনোয়ারুল করিম, সহ-সভাপতি বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, সেক্রেটারি হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফোরকান আহমেদ, নাজির উদ্দীন, হামিদুর রহমান প্রমুখ।