ভোলায় বিএনপি নেতাকর্মী বহনকারী মাইক্রোবাসে হামলা, আহত ১০

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
লালমোহনে বিএনপির নেতা-কর্মীদের বহনকারী মাইক্রোবাসে হামলা চালিয়েছে সরকার দল সমর্থকরা। মাইক্রোবাসের জানালার গ্লাস ভাংচুর ও ১০ নেতা-কর্মীকে পিটিয়েছে তারা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় থানার মোড়ে এ ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, হামলাকারীরা তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। জানা গেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ গতকাল ভোলা জেলা বিএনপির কমিটির সঙ্গে মতবিনিময় করার জন্য ঢাকা থেকে ভোলা আসেন। তার সঙ্গে দেখা করার জন্য তার নির্বাচনী এলাকা লালমোহন থেকে মাইক্রোবাসযোগে ভোলার উদ্দেশে রওয়ানা হন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা। সকাল সাড়ে ৮টার দিকে ধলীগৌরনগর ও চরভূতা ইউনিয়ন থেকে দুইটি মাইক্রোবাসযোগে নেতা-কর্মীরা থানার মোড়ে এলে বাঁধনের নেতৃত্বে মঞ্জু, মিজানসহ ৮-১০ জন ক্যাডার অতর্কিত রড দিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। এতে ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। এদিকে বিএনপি নেতা-কর্মীদের উপর অতর্কিত এ হামলার ঘটনায় হাফিজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনায়েত কবীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মার্শাল হিমু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল বশার সেলিম প্রমুখ নিন্দা জানিয়েছেন।