বিচারাধীন আপিলে সাজা স্থগিতের বিধান নেই :হাইকোর্ট

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:৩৯

উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় নিম্ন আদালতের দেয়া সাজা স্থগিতের কোন বিধান নেই বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছেন, যেহেতু ফৌজদারি কার্যবিধিতে (সিআরপিসি) এ সংক্রান্ত বিধান নেই সেহেতু আবেদনকারী আপিল বিভাগে যেতে পারেন। আপিল বিভাগ এ বিষয়ের উপর যদি নীতিমালা ঠিক করে দেয় তাহলে হাইকোর্ট তা অনুসূরন করতে পারে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। একই সঙ্গে রায় ফাঁসের মামলায় সাইবার ট্রাইব্যুনালের দেয়া দশ বছরের সাজা স্থগিত চেয়ে ব্যারিস্টার ফখরুল ইসলামের করা আবেদনটি খারিজ করে দেয় আদালত।

আদেশের পর রাষ্ট্রপক্ষের সহকারি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ মাহমুদ মোর্শেদ সাংবাদিকদের বলেন, সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করা হলে যারা দন্ডপ্রাপ্ত আসামি রয়েছেন তারা আসন্ন নির্বাচনে অংশগ্রহন করতে পারতেন। কিন্তু আবেদন খারিজ হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য দন্ডিতদের আর নির্বাচনে অংশগ্রহনের সুযোগ থাকল না। তিনি বলেন, ফৌজদারি কার্যবিধির এমন কোনো ধারা নেই যেটা অনুসরণ করে সাজাটা স্থগিত করা যায়। যে কারণে আদালত পর্যবেক্ষণ দিয়ে আবেদনটি খারিজ করে দিয়েছে। তবে বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্টের নজির রয়েছে আপিল বিচারাধীন থাকাঅবস্থায় নির্বাচন করার। সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীর দন্ডিত হয়েও সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন।