জনতা ব্যাংক বাংলামটর শাখায় গ্রাহক হয়রানি

আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৩৬

আমি জনতা ব্যাংক বাংলামটর শাখার একজন গ্রাহক। ওই শাখায় একজন গ্রাহক হিসেবে আমি হয়রানির শিকার হয়েছি। সাড়ে চার মাস আগে চেক বইয়ের জন্য রিকুইজিশন দেওয়া সত্ত্ব্বেও এখনো এমআইসিআর চেকবই পাইনি। বেশ কয়েকবার ব্যাংকে স্বশরীরে গিয়ে তাগাদা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গেও দেখা করেছি।  যোগাযোগের এক পর্যায়ে জানানো হয়, চেকবই প্রধান কার্যালয়ে রয়েছে। সেখানে যোগাযোগের পর জানানো হয়, ইস্যুকৃত চেকবই শাখাতেই রয়েছে। এমন যোগাযোগের মধ্যেই ওই শাখা থেকে আমার নিয়োগদাতা প্রতিষ্ঠানের কাছে মিথ্যা অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগে বলা হয়, চেকবইকে কেন্দ্র করে আমি ওই শাখার সঙ্গে আমার নিয়োগদাতা প্রতিষ্ঠানের সম্পর্ক নষ্ট করেছি। ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ বিষয়ে অভিযোগ জানানোর পরও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া জনতা ব্যাংক থেকে লেনদেনের বিবরণী নেওয়ার ক্ষেত্রে ৫৭৫ টাকা পরিশোধ করতে হয়। লেনদেনের বিবরণী চাওয়া হলেই টাকা কেটে নেওয়া হয়। অথচ বছরে দুটি স্টেটমেন্ট বিনা খরচে দেওয়ার নিয়ম। অন্যান্য ব্যাংকে এ ধরনের স্টেটমেন্ট নেওয়ার খরচও অপেক্ষাকৃত কম।

প্রফেসর মুহম্মদ মাহবুব আলী

বাড়ি ২৭, রোড ২, ধানমন্ডি, ঢাকা