ঝিনাইদহে মসজিদের কার্নিশে মৌচাকের মেলা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বরিয়া জামে মসজিদের কার্নিশে মৌচাকের মেলা বসেছে। প্রতি বছর এ মসজিদের কার্নিশে সারি সারি চাক তৈরি করে মৌমাছি। ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়ে যাচ্ছে মধু সংগ্রহে। ফুল থেকে মধু নিয়ে আবার চাকে ফিরে আসছে। এ দৃশ্যটি বেশ মনোমুগ্ধকর। মসজিদের পাশের বাড়ির বাসিন্দা ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোক্তার হোসেন জানান, ৭-৮ বছর ধরে মৌমাছিরা এ মসজিদের কার্নিশে চাক তৈরি করছে। তরে মানুষকে কামড়ায় না। এলাকার মানুষ এদের বিরক্ত করে না। চাক থেকে মধু সংগ্রহ করে বিক্রি করা হয়। টাকা মসজিদ ফান্ডে জমা করা হয়। বরিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. সোহরাহ উদ্দিন জানান, প্রতি বছর শীতের আগে সর্ষে ফুল ফুটলে ঝাঁকে ঝাঁকে মৌমাছি এসে মসজিদের কার্নিশে সারি সারি মৌচাক তৈরি করে। গ্রীষ্মকাল শুরু হলে এরা অন্যত্র চলে যায়। অনেকদিন ধরে মৌমাছিরা এ মসজিদের কার্নিশে চাক তৈরি করছে। তবে এ বছর চাকের সংখ্যা কমে গেছে। গত বছর ৪২ খানা চাক ছিল। মসজিদের বারান্দার ছাদেও চাক ছিল। এ বছর দক্ষিণ পাশের কার্নিশে বসেছে। সর্ষে ফুল, আমের মুকুল ও সজনে ফুল থেকে মধু সংগ্রহ করে চাকে মজুত করে মৌমাছিরা। নিরাপদ মনে করে মৌমাছিরা এখানে বছরের পর বছর ধরে চাক তৈরি করে আসছে বলে তিনি জানান। শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরদার খায়রুল বাসার জানান, চাকগুলোর রানি মৌমাছিরা স্থানটির পরিবেশ পছন্দ করে। এজন্য বারবার এসে চাক তৈরি করে থাকে। খাবারের অভাব ও পরিবেশ বৈরি হলে অন্যত্র চলে যায় বলে তিনি জানান।