বুধবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে পুলিশ ও সন্ত্রাসী মতিন বাহিনীর মধ্যে ব্যাপক গুলির ঘটনা ঘটে। এ সময় এসআই শাহাদাত ও কনস্টেবল সোলায়মানসহ ৫ পুলিশ ও ৩ সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। বাহিনী প্রধান মতিন ও তার সহযোগী শাহাজানকে আহত অবস্থায় ১টি এলজি ও ৬ রাউন্ড গুলিসহ পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, মতিন বাহিনীর উপস্থিতি নিশ্চিত হয়ে উত্তর জয়পুর গ্রামে অভিযান চালায়। আবদুল মতিন বাহিনীর সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। পুলিশও ৪০/৫০ রাউন্ড গুলি করে। পুলিশের কয়েকজন গুলিবিদ্ধ হয়। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল মতিনের বিরুদ্ধে খুন চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। লক্ষ্মীপুরের এএসপি সার্কেল মোঃ আবদুল বাছেদ বলেন: অভিযানে সন্ত্রাসী আবদুল মতিন ও তার সহযোগী শাহাজানকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
