আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের এমপি এইচএন আশিকুর রহমানকে রাজাকার বলায় বুধবার রংপুর চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মনসুর আলমের আদালতে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২১ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়া হয়েছে। রংপুর মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সমপাদক এ্যাডভোকেট মো. আলী আকতার জাহাঙ্গীর ওরফে তুহিন এই মামলা করেন।
মামলার আরজিতে বলা হয়, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি রাজাকারের উকিল নোটিস শিরোনামে খোলা কলম বিভাগে কাদের সিদ্দিকী লিখেন, মুক্তিযুদ্ধ চলাকালীন আওয়ামী লীগ নেতা এইচএন আশিকুর রহমান টাঙ্গাইলের ডিসি ছিলেন। ’৭১ সালের আগস্ট/ সেপ্টেম্বরের দিকে তিনি পশ্চিম পাকিস্তান থেকে বদলি হয়ে এডিসি হিসেবে টাঙ্গাইলে আসেন এবং ভারপ্রাপ্ত ডিসির দায়িত্ব পালনকালে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ভূমিকা রাখেন। তিনি পাকিস্তান প্রশাসনের ডিসি থাকায় তাকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসিতে ঝুলানো উচিত ছিল।
