উখিয়ায় ২১ ট্রান্সফরমার চুরি বোরো আবাদ ব্যাহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
উখিয়ার বিভিন্ন স্থানে একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। বোরো মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত ২১টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সেচ পাম্প নির্ভরশীল বৃহত্তর এ উপজেলার ৫ ইউনিয়নে ধারাবাহিক ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় প্রায় ৬ হাজার হেক্টর জমির বোরো আবাদ ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইউছূপ ভুঁইয়া জানান, চলতি মৌসুমে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ৪ হাজার হেক্টর জমিতে আলু ও ১ হাজার হেক্টর জমিতে রবিশস্য পরিচর্যায় স্থানীয় কৃষকরা ব্যস্ত দিন কাটাচ্ছেন। তিনি জানান, পুকুর, খাল, নদী, জলাশয় ও ছড়া প্রবণ এলাকাগুলো পানিশূন্য হয়ে পড়ায় কৃষকরা সেচ পাম্পের উপর নির্ভরশীল হয়ে চাষাবাদ করছেন। এমতাবস্থায় ট্রান্সফরমার চুরির ঘটনায় বোরো চাষাবাদ ব্যাহত হয়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। উপজেলা পল্লী বিদ্যুত্ সমিতিসূত্রে জানা গেছে, চলতি মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত এ উপজেলার থাইখালী, বালুখালী, জাদিমুরা, ওয়ালা পালং, ধামনখালী, খুনিয়াপালং, আনজুমানপাড়া, নিদানিয়া, সোনারপাড়া, পাগলির বিল এলাকা থেকে ২১টি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। আনজুমানপাড়া গ্রামের কৃষক আলী হোছন (৩৪), শামসুল ইসলাম (৪৫) অভিযোগ করে বলেন, গ্রামের ১৫টি পরিবারের টাকা সঞ্চয় করে অর্ধলক্ষাধিক টাকা ব্যয়ে গত বছর ১টি ট্রান্সফরমার স্থাপন করা হয়। ঐ ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ায় তাদের প্রায় ২০ একরের মতো জমি চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষক নতুন করে ট্রান্সফরমার স্থাপন করার জন্য উখিয়া পল্লী বিদ্যুত্ সমিতি বরাবর আবেদন করলেও অনেকেই টাকা সংকুলান করতে না পারায় ঐ ট্রান্সফরমার স্থাপন করা যায়নি। পল্লী বিদ্যুত্ কর্মকর্তা প্রকৌশলী সাদেকুর রহমান জানান, এ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১১শ সেচ সংযোগ রয়েছে। তিনি বলেন, ট্রান্সফরমার চুরি হয়ে গেলে সমপরিমাণ ট্রান্সফরমারের মূল্য পল্লী বিদ্যুত্ অফিসে অগ্রিম পরিশোধ না করা পর্যন্ত পুনঃ ট্রান্সফরমার সরবরাহ দেয়া হচ্ছে না। তাই ট্রান্সফরমারের অভাবে অনেক স্থানে বোরা চাষাবাদ ব্যাহত হওয়ার আশংকা করা হচ্ছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি মাথায় রেখে কৃষকদের বোরো চাষাবাদ করতে হবে। তাদের অর্থে ক্রয়কৃত ঐ ট্রান্সফরমার যাতে চুরি না হয় সে ব্যাপারে কৃষকদের সতর্ক থাকতে হবে। সুনির্দিষ্ট ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।