বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ-আল-নোমান বলেছেন, আওয়ামী লীগ জামাতের সাথে আঁতাত করে কাদের মোল্ল¬াকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আর যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজকের তরুণ প্রজন্ম শাহবাগে যে গণজাগরণ আন্দোলন করছে তা শুধু আওয়ামী লীগের ব্যর্থতা আড়াল করে তাদের ক্ষমতায় রাখার আন্দোলনে রূপ নিয়েছে।
আগামী ১৯ মার্চ বিএনপি কেন্দ্রীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে বরিশাল উত্তর-দক্ষিণ জেলা বিএনপির পৃথক দু’টি বর্ধিত সভায় গতকাল বুধবার আব্দুল্লাহ-আল-নোমান প্রধান অতিথির বক্তৃতা করেন। বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনের সংসদ সদস্য অধ্যাপক মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, বরিশাল উত্তর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুলাদী উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সভাপতি আঃ সাত্তার খান, মেহিন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, হিজলা বিএনপির সভাপতি দেওয়ান মোঃ শহিদুল¬াহ, হিজলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার তালুকদার প্রমুখ। এছাড়া বিকাল প্রেসক্লাবে বরিশাল জেলা (দক্ষিণ) ও আইনজীবী মিলনায়তনে মহানগর যুবদলের সাথে নোমানের বৈঠক অনুষ্ঠিত হয়।
