রায়গঞ্জে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার রায়গঞ্জ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বৃক্ষগাছা ইউনিয়নের চকগোপাল গ্রামের মৃত-আফজাল হোসেন খানের পুত্র ব্যবসায়ী আবুল মনছুর খান মিন্টু্। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন- একই গ্রামের মৃত ফজর আলীর পুত্র দুলাল হোসেন খান তার মেয়েকে দিয়ে একটি নাটক সাজিয়ে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করাসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে গত ২২ জানুয়ারি সন্ধ্যা থেকে হয়রানি করছেন। দুলাল হোসেন গং তার বাড়িতে ঢুকে পরিবারের মহিলাসহ সকলকে মারপিট করে এবং তার ব্রহ্মগাছা বাজারের সারের দোকানের কয়েক লাখ টাকার মালামাল লুট করে। তার দায়ের করা মিথ্যা মামলায় তাকে অযথা কারাভোগও করতে হয়েছে। এরপরও উক্ত দুলাল হোসেন খান তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে তার পরিবারের উপর হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
