রায়পুরায় বিতর্কিত ওয়াজ মাহফিল পণ্ড

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৪
রায়পুরা উপজেলার সাহেরচর গ্রামে স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে পুলিশ। জানা যায়, গত ১৫ জানুয়ারি একই এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অলিপুরা ও সাহেরচর গ্রামের সুন্নী-ওহাবী সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ পরবর্তীতে অন্তত ৮টি গ্রামে ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে দোকান, মসজিদ, মাদ্রসাসহ অন্তত অর্ধশতাধিক বসত-ঘর ভাংচুরের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ৫০ জন। নিহত হয় পাভেল মিয়া নামে একজন। এ ঘটনায় মামলা হয় ৫ শত জনের নামে। এতে বিতর্কিত বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্তাহেরীসহ কয়েকজন বক্তাকে রায়পুরায় নিষিদ্ধ করা হয়। উক্ত ঘটনার কিছুদিন অতিবাহিত হতে না হতেই নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় গত বুধবার দুপুরে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন আততাহেরীকে প্রধান বক্তা করে উপজেলার সাহেরচর গ্রামে ওয়াজ মাহফিলের আয়োজন করে স্থানীয় একটি মহল। বুধবার দুপুর দেড়টা থেকে মাহফিল শুরু হওয়ার প্রক্রিয়া চলছিল। এসময় আবারও চরম উত্তেজনা দেখা দেয় সুন্নী-ওহাবী সমর্থকদের মধ্যে। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশৃঙ্খলা এড়াতে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয় এবং পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করে। রায়পুরা থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়া হয়েছে।