সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের মাদ্রাসা ছাত্র সোয়াইবকে অপহরণের পর চোখ উত্পাটিত ও জবাই করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বুধবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিল করে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভ মিছিলটি সকাল ১০ টায় স্থানীয় হাজী লাল মিয়া মাদ্রাসা থেকে বের হয়ে মঙ্গলেরগাঁও, পাঁচআনী, মোগড়াপাড়া চৌরাস্তাসহ এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা অনতিবিলম্বে সোয়াইব হত্যার বাকী আসামীদের গ্রেফতার করে দ্রুত ফাঁসির দাবি জানান। জানা গেছে, অপহরণের ৮ দিন পর মঙ্গলবার সকালে গোলজার হোসেনের পরিত্যক্ত বাড়ির একটি ঝোঁপের ভিতর থেকে নিহত মাদ্রাসার ছাত্র সোয়াইব হোসেনের (৫) লাশ উদ্ধার করে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিত নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোয়াইবের বাবা নাজমুল হোসেন মাসুম ২২ ফেব্রয়ারি মামলা দায়ের করার পর পুলিশ ওই দিনই ইকবালের বাবা খালেক মিয়া ও নাছিরকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালায়। এছাড়াও মঙ্গলবার ২ জন মহিলাসহ আরো ৩ আসামীকে আটক করা হলে মঙ্গলবার রাতে ২ মহিলাকে রহস্যজনক কারণে পুলিশ ছেড়ে দেয়। এদিকে পুলিশ আঃ সালাম, সুমন, খালেক, ও নাসিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে প্রেরণ করেছে।
