রাজবাড়ী ও জামালপুরে কবর থেকে কঙ্কাল চুরি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
রাজবাড়ী ও জামালপুরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাজবাড়ী প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার গৌরীপুর কবরস্থান থেকে গত বুধবার গভীর রাতে ৬টি কঙ্কাল চুরি হয়েছে। অজ্ঞাত চোরেরা এই কবরের মাটি খুঁড়ে ৬টি কঙ্কাল নিয়ে যায়। এছাড়া চোরেরা আরো একটি কবর খুঁড়ে তবে লাশ পচন না ধরায় সেটি ফেলে রেখে চলে যায়। গৌরীপুর কবরস্থানের কেয়ার টেকার আকবর আলী সরদার জানান, সকালে তিনি কবরস্থানে ঘাস কাটার জন্য এসে দেখেন একটি কবরের মাটি খোঁড়া এবং কবরের ভেতর কঙ্কাল নেই। এরপর তিনি আশেপাশে পর্যবেক্ষণ করে দেখেন ৬টি কবের মাটি খোঁড়া এবং সেগুলোর মধ্যেও কঙ্কাল নেই। এ ঘটনার পর তিনি শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেমকে সংবাদ দেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন ওই কবরস্থানে এসে ভিড় জমায়। এর আগে গত ৬ ফেব্রুয়ারি রাতে একই জেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের ২টি কবর থেকে কঙ্কাল চুরি হয়। এদিকে জামালপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার কবরের উপর দুর্বৃত্তরা হানা দিয়ে তছনছ করে কঙ্কাল চুরি করে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার খড়খড়িয়া-রানাগাছা এলাকার একটি কবরস্থানে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রায় ৮/১০টি কবর খুঁড়ে এবং একটি কবরের ভেতর থেকে কঙ্কাল চুরি করে পালিয়ে যায়। এ সংবাদ পেয়ে ওই এলাকার শত শত লোক কবরস্থানে গিয়ে ভিড় জমায়। ওই এলাকার ইউপি সদস্য রমজান আলী জানান, গোরস্থানে প্রায় ৮/১০টি কবরের মাটি খুঁড়ে এলোমেলো করে ফেলা হয়েছে। একটি মাথার খুলি পড়ে রয়েছে। তিনি আরো জানান, গত কয়েক মাস আগে নান্দিনা নয়াপাড়া ঈদগা মাঠ সংলগ্ন গোরস্থানে একই কায়দায় কয়েকটি কবরের মাটি খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় একটি চক্রের সাথে আন্তঃজেলা কঙ্কাল চুরির সিন্ডিকেট এ ধরনের কাণ্ড করে থাকতে পারে বলে এলাকাবাসী জানান।