ময়মনসিংহে চিকিত্সাপ্রাপ্তদের নিয়ে মতবিনিময়
ময়মনসিংহ প্রতিনিধি\ বুধবার ময়মনসিংহ বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে চিকিত্সাপ্রাপ্ত রোগীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. কে জামানের সভাপতিত্বে বিদেশি দাতা সংস্থা আন্দেরী হিলফে বন জার্মানী’র প্রতিষ্ঠাতা সভাপতি মিস রোজী গোলম্যান এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বিএনএসবি’র কর্মকাণ্ড ও চক্ষু রোগীদের যথাযথ সেবা দেয়ায় সন্তোষ প্রকাশ করেন। বিএনএসবি চক্ষু হাসপাতালের কো-অর্ডিনেটর শরিফুজ্জামান পরাগের সঞ্চালনায় দাতা সংস্থার বাংলাদেশ প্রধান সংকন ডি কোস্টা, চক্ষু হাসপাতালের নির্বাহী সদস্য আজিজুর রহমান বকুল, ডা. গৌরাঙ্গ সাহাসহ সুবিধাভোগীরা এতে বক্তব্য রাখেন।
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের কর্মশালা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ চাঁপাইনবাবগঞ্জে সিএমইএস গোবরাতলা ইউনিটে কিশোরী কর্মসূচির উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে ইউনিট অর্গানাইজার হুমায়ুন কবীরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক গোবরাতলা শাখার ব্যবস্থাপক তাজেমুল ইসলাম। বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ করীম, আজিজুল ইসলাম, শাহজামাল, সিএমএস’র কিশোর-কিশোরীদের ব্যবসায়ী সাবেরা,মাসুম, হাফিজুর, মার্জিয়া,অর্গানাইজার জেন্ডার বাবলু মিয়া প্রমুখ।
খুলনায় তেল পরিমাপে প্রুভার ট্যাংকের উদ্বোধন
খুলনা অফিস \ খুলনার খালিশপুরস্থ পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির ডিপোগুলোতে সঠিকভাবে তেল পরিমাপের জন্য প্রুভার ট্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বুধবার খুলনা জেলা প্রশাসক মেসবাহ্?উদ্দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে তেলের সঠিক পরিমাপ নিয়ে তেল কোম্পানির কর্মকর্তা ও ট্যাংকলরী শ্রমিকদের মাঝে বিরাজমান দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
নওয়াপাড়ায় মিল শ্রমিকের মৃত্যু
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ শিল্প শহর নওয়াপাড়ায় যশোর জুট ইন্ডাষ্ট্রিজের (জেজেআই) খামাল ভেঙ্গে এক মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২জন। জানা গেছে, গত মঙ্গলবার রাতে যশোর জুট ইন্ডাষ্ট্রিজের উত্পাদিত পাটজাত দ্রব্য বেল তৈরি করে শিপমেন্টের উদ্দেশ্যে গুদামে মজুদ করা হচ্ছিল। এ সময় অসাবধানবশত একটি বেল সরে গেলে খামালটি ভেঙ্গে পড়ে। ফলে গুদামে কর্মরত জেজেআই মিলের ফিনিশিং বিভাগের শ্রমিক রজব আলী ঘটনাস্থলে নিহত হন। এবং শ্রমিক নিতাই চন্দ্র শীল ও বেলাল হোসেন মারাত্মক আহত হন।
কুমিল্লায় টিকাদান বিষয়ক সেমিনার
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুদের টিকাদানের উপর এক সেমিনার গত বুধবার বিভাগীয় প্রধান উপাধ্যক্ষ ডা. কে.এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসএমও ডা. চিরঞ্জিত দাস মূল প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা বিএমএ’র সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন দীপু, সাধারণ সম্পাদক আলহাজ্ব ডা. আজিজুর রহমান সিদ্দিকী, হাসপাতালের পরিচালক ডা. হাবিবুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. হাবিবুর রহমান, ডা. আবুল বাশার, ডা. আখতার হোসেন, ডা. আজিজুল হোসেন।
আদমদীঘিতে ছাত্রদলের সম্মেলন
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ গত মঙ্গলবার সন্ধ্যায় আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ছাত্রদলের দ্বি-বার্ষিক সম্মেলন হাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। রবিউল ইসলাম শাকিলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, ইউপি চেয়ারম্যান আব্দুল মোক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান, যুবদলের সভাপতি মাহফুজুল হক টিকন, ছাত্রদলের সভাপতি আরিফুর হক রুমান, সসম্পাদক আব্দুর রব রাসেল প্রমুখ।
ভাণ্ডারিয়ায় ইউপি উপনির্বাচনে প্রতীক বরাদ্দ
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন উপজেলা রিটার্নিং ও নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল। এতে মোঃ বদিউজ্জামান টিপু (তালা), আবুল হোসাইন হাওলাদার (আলো সওদাগর) আনারস ও সৈয়দ আলি হোসেন পেয়েছেন কাপ পিরিচ প্রতীক। এর পূর্বে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে প্রার্থীদের নির্বাচনী বিধিমালা সম্পর্কে অবহিত করেন নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ। উপস্থিত ছিলেন, মোঃ মোস্তফা কামাল,সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান,ওসি মতিউর রহমান ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রৌমারী ও রাজীবপুরে মানববন্ধন
রাজীবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নদী ভাঙ্গন রক্ষার দাবি জানিয়ে রৌমারী ও রাজীবপুর উপজেলা চত্বরে পৃথক দুটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এলাকাবাসী ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় নদী ভাঙ্গন থেকে রক্ষার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
লালপুরে পল্লী বিদ্যুতের তার চুরি
লালপুর (নাটোর) সংবাদদাতা \ মঙ্গলবার রাতে নাটোরের লালপুর উপজেলার তিলকপুর-নুরুল্লাপুর মাঠের পল্লী বিদ্যুতের ৩৩ কেভি লাইনের ৫শ’ মিটার তার চুরি যায়। যার মূল্য ৪২ হাজার টাকা। পল্লী বিদ্যুত্-২ এর লালপুর অফিসের এজিএম সিরাজুল হক জানান, রাত সাড়ে ১২ টার দিকে তার চুরির ঘটনা ঘটে। বুধবার দুপুরে নতুন তার লাগিয়ে বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক করা হয়।
মনিরামপুরে যুবকের লাশ উদ্ধার
মনিরামপুর (যশোর) সংবাদদাতা \ মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী মুজগুন্নী গ্রামের একটি স্যালো মেশিনের মধ্য থেকে পুলিশ অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার ভোরে স্থানীয়রা ঘটনাস্থলে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
হোসেনপুরে কৃষি ব্যাংকের ঋণ বিতরণ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বংলাদেশ কৃষি ব্যাংক হোসেনপুর শাখার উদ্যোগে গত বুধবার সিদলা ইউনিয়ন পরিষদ কৃষি ক্যাম্পে কৃষি ঋণ বিতরণ করেন সিদলা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান কাঞ্চন। মোট ২৩ জন কৃষককে ৮ লাখ ১৭ হাজার টাকা ঋণ দেয়া হয়।
লাকসামে বাস চাপায় দুই জন নিহত
লাকসাম সংবাদদাতা \ লাকসামে বাস চাপায় চালকসহ রিকশারোহী নিহত হয়েছে। বুধবার বিকাল ৫টায় ঢাকা থেকে লাকসাম অভিমুখী তিশা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৬৩১০) নশরতপুরে রিকশাকে চাপা দিলে রিকশারোহী আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামের শাহ আলমের স্ত্রী আছিয়া বেগম (৩৩) ও রিকশাচালক নশরতপুরের রফিক মিয়ার ছেলে মানিক (২৫) ঘটনাস্থলে নিহত হয়। নিহত আছিয়া বেগমের স্বামী শাহ আলমকে (৪৬) আশংকাজনক অবস্থায় লাকসাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারগঞ্জে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা \ জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপি গতকাল বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক পাভেলের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, মিল্কভিটার উপ-মহাব্যবস্থাপক ড. সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগের সহ-সভাপতি অরুন কুমার সাহা, মেয়র মোশারফ হোসেন লেমন প্রমুখ।
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলার দোকানঘর এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় সোহাগ (৩০) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও মোটর সাইকেলের অপর মহিলা আরোহী আহত হয়েছেন। নিহত সোহাগের বাড়ি গাইবান্ধা সদরের চানপুর গ্রামে। আহত মোটর সাইকেল আরোহী তন্বীকে (২০) পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোটারী ক্লাব অব কুমিল্লার শিক্ষা বৃত্তি প্রদান
কুমিল্লা প্রতিনিধি \ রোটারী ক্লাব অব কুমিল্লার উদ্যোগে ‘আজিজ-উল হক শিক্ষা বৃত্তি-২০১৩’ প্রদান উপলক্ষে বুধবার বাগিচাগাঁও আজিজুল হক রোটারী সেন্টারে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো.আবদুর রউফ। রোটারী ক্লাব অব কুমিল্লার প্রেসিডেন্ট রোটা. হাসান ইমাম মজুমদার ফটিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটা. ডা. আবু আইয়ুব হামিদ, অরুন কান্তি সাহা, রোটা. মো. জাকির হোসেন মজুমদার, নারীনেত্রী দিলনাশি মোহসেন, পাপড়ী বসু প্রমুখ। ৩২ জন শিক্ষার্থীর মাঝে এক লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এনায়েতপুরে মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ ’৫২ ও ’৭১-এর মহান শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুরের মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে বুধবার। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাও.আব্দুল আওয়ালের সভাপতিত্বে খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল কাদের ভুঁইয়া প্রধান অতিথি ছিলেন। স্কুলের শ্রেণীভেদে ১ম থেকে ১০ম স্থান অধিকারী মোট ৫৭ জনকে বৃত্তির ১ হাজার করে টাকা তুলে দেন অতিথিরা।
নাসিরনগরে আশার শিক্ষা সেবিকাদের কর্মশালা
নাসিরনগর সংবাদদাতা \ উপজেলায় শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ,পাঠ আয়ত্ত্ব করতে সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদানের লক্ষ্যে শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে আশার প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচির আওতায় উপজেলার ১৫টি শিক্ষাকেন্দ্রে কর্মরত সুপারভাইজার ও সেবিকাদের কর্মশালা বৃহস্পতিবার নাসিরনগর আশার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাঞ্চ ম্যানেজার মো. সাফিউদ্দিন আহমেদ, সাংবাদিক আকতার হোসেন ভূইয়া, শিক্ষা সুপারভাইজার বদিউল আশরাফ মুরাদ প্রমুখ।
দাগনভূঞা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ দাগনভূঞা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা সভাপতি খায়েজ আহাম্মদের সভাপতিত্বে বুধবার আতাতুর্ক মিজান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, সহ-সভাপতি ওলি আহাম্মদ, উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান জয়নাল আবদীন মামুন, পৌর মেয়র ওমর ফারুক খান প্রমুখ।
মুন্সীগঞ্জে জাটকাসহ গ্রেফতার তিন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ বুধবার সকালে দশ মণ জাটকা ভর্তি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। অভিযানে নেতৃত্বদানকারী র্যাব কর্মকর্তা এএসপি মো. মোবারক হোসেন জানান, জাটকাগুলো রাজধানী ঢাকায় পাচারের সময় ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বালাসুর থেকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- ট্রাক চালক বাদল ঢালী, মাছের মালিক মাইনুদ্দিন ঢালী ও সাদ্দাম দেওয়ান।
তারাগঞ্জে বাল্য বিয়ের সময় বর আটক
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুরের তারাগঞ্জে বাল্য বিয়ের সময় স্থানীয় প্রশাসন বরকে আটক করে ১ মাসের জেল দিয়েছে। জানা গেছে, সৈয়দপুর উপজেলার ধুলিয়া গ্রামের জামাল উদ্দিনের পুত্র আব্দুর রহিমের সাথে তারাগঞ্জ উপজেলার দৌলতপুর (আখিরারপাড়) গ্রামের এক কৃষকের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়। গত মঙ্গলবার দিবাগত রাতে বিয়ের কাজ শুরু করা হয়। বিষয়টি জানতে পেরে তারাগঞ্জের ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন গিয়ে বিয়ে বন্ধ করে দেন এবং বরকে আটক করে ১মাসের জেল দেন।
রামুতে হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামু(কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলার শ্রীমুরা গ্রামের বাসিন্দা সিএনজি ড্রাইভার জসিমউদ্দিনকে হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার এক বিক্ষোভ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রামু ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা জসিমউদ্দিনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
খাগড়াছড়িতে সেলাই মেশিন প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি \ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও ইউএনডিপি-সিএইচটিডিএফ যৌথ উদ্যোগে গত বুধবার ৩০ জন বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানকল্পে সেলাই মেশিন, ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে ১৫ টি সেলাই মেশিন ,১৫ টি মোটর ড্রাইভিং লাইসেন্স ও সনদপত্র বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর কিশোর চাকমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল আলম উপস্থিত ছিলেন।
পবিপ্রবিতে টিএসসি ভবন নির্মাণ কাজ উদ্বোধন
পটুয়াখালী প্রতিনিধি \ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত বুধবার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র(টিএসসি) নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুদ্দীন আনুষ্ঠানিকভাবে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
মান্দায় বণিক সমিতির নির্বাচন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি \ মান্দা উপজেলা বণিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গতকাল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ২৮৫ ভোট পেয়ে সভাপতি পুনঃনির্বাচিত হন বাবু শ্যামলেন্দু কুমার দাস, সহ-সভাপতি শরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে আখতারুজ্জামান আল মুনসুর। সহসম্পাদক পদে আব্দুর রহিম কোষাধ্যক্ষ পদে মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
রায়পুরায় ব্র্যাকের কিশোর-কিশোরী মেলা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি ‘কৈশোর সুরক্ষায় হব সচেতন’ শীর্ষক দিনব্যাপী কিশোর-কিশোরী মেলা গতকাল বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ব্র্যাককর্মীদের অন্তত ১০টি স্টল অংশ গ্রহণ করে। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এড. ইউনূছ আলী ভুঁইয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আইরিন পারভীন নার্গিস, মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর সরকার, ব্র্যাক প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ প্রমুখ।
করিমগঞ্জের নারী উদ্যোগ কেন্দ্রের কর্মশালা
করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বৃহস্পতিবার করিমগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) উদ্যোগে এবং প্ল্যান বাংলাদেশের সহযোগিতায় ‘কিশোরী ও নারী নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে অধিকতর সেবা নিশ্চিতকরণ এডভোকেসি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জনাব আলী, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রুপন রানী সরকার।
জাজিরায় ৮টি ঘর আগুনে পুড়ে ছাই
শরীয়তপুর প্রতিনিধি \ জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের ছোবান্দি মাদবরকান্দি গ্রামে ২টি বাড়ির ৮টি ঘর আগুনে পুড়ে গেছে। আহত হয়েছে এক শিশুসহ ৩জন। ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
বুধবার দুপুরে স্থানীয় আবদুল মাদবরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে রেজু মাদবর, সিরাজ মাদবর ও হুমায়ুন মাদবরের বসত ঘরসহ মোট ৮টি ঘর পুড়ে যায়।
চাঁদপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
চাঁদপুর প্রতিনিধি \ মহিলা আওয়ামী লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার সন্ধ্যায় চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিল হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ড. শামছুল হক ভুঁইয়া ও আবু নঈম পাটওয়ারী দুলাল। সভাপতিত্ব করেন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নুর খান।
