ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য সরকার বাংলাদেশ সীমান্ত ও সন্নিহিত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর কর্মীরা সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করতে পারে এমন আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে বলে বিডি নিউজ জানায়।
পশ্চিম বঙ্গের একজন পুলিশ কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বেশকিছু নেতাকর্মী, যারা সহিংসতার মামলার আসামি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করতে পারে বলে গোয়েন্দা তথ্য পেয়েছেন তারা। নাশকতাকারীরা যাতে আমাদের দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক থাকতে বলা হয়েছে। সন্দেহভাজন কেউ আটক হলে তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পুলিশ ও সীমান্তরক্ষীদের নির্দেশ দেয়া হয়েছে।
পশ্চিম বঙ্গ রাজ্য গোয়েন্দা পুলিশের প্রধান নপারাজিত মুখার্জি বিডি নিউজকে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা প্রতিবেশি রাষ্ট্র। সুতরাং বিপর্যয় এড়াতে যে কোনো প্রস্তুতি আমাদের নিতে হবে। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, সরকারকে চাপে ফেলতে পশ্চিম বঙ্গের কিছু ইসলামী মৌলবাদীও জামায়াতে ইসলামীকে সহায়তা করতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাতে পারে। এ বিষয়েও নিরাপত্তা রক্ষীদের সতর্ক করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
