আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে রাজনীতিতে পুনর্বাসন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ সেই জিয়াউর রহমানকেই স্বাধীনতার ঘোষক বলে দাবি করছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি। আর জোটও বেঁধেছে সেই হত্যা লুণ্ঠনকারী জামায়াতের সঙ্গে। মাঠে নেমেছে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য। তিনি বলেন, যারা একাত্তরে নারী ধর্ষণ জায়েজ করেছিল, সেই জামায়াতে ইসলামী এখন কোন মুখে ইসলাম রক্ষার কথা বলে। আমরা কোন ধর্মের বিপক্ষে নই। ইসলাম ও জামায়াতে ইসলাম এক কথা নয়। সেই জামায়াত শিবির যুদ্ধাপরাধীদের ধর্মের নামে সারাদেশে তাণ্ডব চালাচ্ছে, ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে। অপরদিকে বিএনপির মহাসচিব জামায়াতকে তাণ্ডব বন্ধ করার পরামর্শ না দিয়ে উল্টো তরুণ প্রজন্মকে ভালোবাসার কথা বলার উপদেশ দিচ্ছেন ।
তিনি গতকাল বৃহসপতিবার ভোলা সদরের বাংলাবাজারে নিজস্ব অর্থায়নে একটি নারী বৃদ্ধাশ্রমের ভিত্তি প্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন ।
তোফায়েল বলেন, যারা সামপ্রদায়িকতা ছড়াচ্ছে তারা জনগণের বন্ধু হতে পারে না। আমরা সংঘাত-হানাহানিতে বিশ্বাস করি না। তবে যারা জাতীয় পতাকার অবমাননা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধীতা করছে তাদের সাথে আপোষ নেই । যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার ।
