জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পবিত্রতা রক্ষা ও মসজিদটি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখন থেকে প্রতি শুক্রবার মসজিদের উত্তর দিকের গেট বন্ধ থাকবে। জুমার নামাজ আাাদয়ের জন্য মুসল্লিরা দক্ষিণ, পশ্চিম ও পূর্ব দিকের তিনটি গেট ব্যবহার করতে পারবেন।
গতকাল বৃহস্পতিবার বায়তুল মোকাররম মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের যৌথ উদ্যোগে ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, কেউ যাতে মসজিদের উত্তর গেটের সিঁড়িকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করতে না পারে সেজন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ও ইবাদতের স্থান। তাই মসজিদকে কেন্দ্র করে কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হতে দেয়া হবে না।
মহাপরিচালক বলেন, মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা যাতে বিনষ্ট না হয় এবং মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ইবাদতে মগ্ন হতে পারেন সেজন্য দেশের সকল মসজিদ কর্তৃপক্ষ ও মুসল্লিদের সতর্ক থাকা প্রয়োজন। ইসলামকে একটি সন্ত্রাস ও জঙ্গিবাদী ধর্ম হিসাবে তুলে ধরে সুকৌশলে মুসলিম দেশগুলোতে পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে।
মসজিদের পবিত্রতা ও নিরাপত্তা সমুন্নত রাখতে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও মসজিদের মুসল্লিরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সাংবাদিক সম্মেলন থেকে গত ২২ ফেব্রয়ারি শুক্রবার মসজিদে যারা আগুন দিয়েছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। জাতীয় মসজিদকে কোন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না বলেও সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সাংবাদিক সম্মেলনে জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, বায়তুল মোকাররম মসজিদ মার্কেট ব্যবসায়ী গ্রুপের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশন কর্মচারী কল্যাণ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
