যশোরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৭
যশোরে হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এক আসামিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্বাস আলী (৪০) যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে যশোরের শহরতলী শেখহাটি তমালতলা এলাকায় একটি সেলুনের মধ্যে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে হত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত আব্বাস হত্যাসহ বিভিন্ন মামলায় ২০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এর মধ্যে ১৪ বছর সাজা ভোগ করে সমপ্রতি আপিলের মাধ্যমে জামিনে তিনি মুক্তি পান। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত দুর্বৃত্তরা শেখহাটি তমালতলা এলাকায় একটি সেলুনে ঢুকে শটগান এবং রিভলবার দিয়ে আব্বাস আলীকে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ওই সেলুন থেকে আব্বাসের লাশ উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।