‘শাহবাগের ফাঁসির রায় ঘোষণা করল আদালত’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কাঠগড়ায় দাঁড়িয়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, নাস্তিক ব্লগাররা শাহবাগে আমার ফাঁসির রায় দিয়েছে। আজকে এই ট্রাইব্যুনাল সেই রায় ঘোষণা করে বিচার ব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছে। এ বিচার একটি রাজনৈতিক, সাজানো ও প্রহসনের বিচার। তিনি বলেন, প্রসিকিউটর, সাক্ষী, বিচারক, তদন্তকারী সংস্থা—স বই সরকারের তৈরি এবং এরা সকলেই সরকারের অনুগত। এজন্য বিচারকরা শপথ এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ থেকে বিচার করতে পারেননি। সাঈদী বক্তব্য দিতে থাকলে আদালত কক্ষে উপস্থিত রাষ্ট্রপক্ষের আইনজীবীসহ অন্যরা এ বক্তব্যের প্রতিবাদ জানান। এক পর্যায়ে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঠগড়া থেকে নামিয়ে সাঈদীকে হাজতখানায় নিয়ে যান। এর আগে রায় ঘোষণার সময় সাঈদী পবিত্র কোরআন শরীফ পাঠ করছিলেন। বেলা পৌনে ১১টা থেকে আড়াই ঘণ্টা রায় ঘোষণা চলে। রায় ঘোষণার পুরো সময়টা তিনি কোনো দিকে না তাকিয়ে কোরআন শরীফ পাঠ করছিলেন।