গত বছর দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বাড়লেও কমে গেছে প্রকৃত (নিট) মুনাফা। আমদানি-রফতানি বাণিজ্যে মন্দা, শেয়ারবাজার থেকে আয় কমে যাওয়া, নতুন ঋণ নীতিমালা ও ব্যাংক খাতের নানা কেলেঙ্কারির কারণে এ মুনাফা কমেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, ২০১২ সালে ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে চার হাজার ৪৪৪ কোটি ৪৭ লাখ টাকা। এর আগের বছর ২০১১ তে যার পরিমাণ ছিল নয় হাজার ১২১ কোটি ২৮ লাখ টাকা। অর্থাত্ এক বছরে নিট মুনাফা চার হাজার ৬৭৬ কোটি ৮১ লাখ টাকা কমেছে। ব্যাংকের পরিচালন মুনাফা থেকে কর, প্রভিশনসহ অনেক কিছু বাদ দিয়ে প্রকৃত মুনাফা হিসাব করা হয়। ২০১২ সালে ব্যাংকগুলোর মোট নিট মুনাফার মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিট মুনাফা হয়েছে এক হাজার ২০ কোটি ৩৯ লাখ টাকা। আগের বছরের তুলনায় এসব ব্যাংকের নিট মুনাফা কমেছে তিন হাজার ২৪৬ কোটি টাকা। একইভাবে বেসরকারি ব্যাংকগুলোর এক হাজার ৬৩৩ কোটি টাকা কমেছে। গত বছর এসব ব্যাংকের নিট মুনাফা হয়েছে চার হাজার ২০ কোটি ৯১ লাখ টাকা। তবে বিদেশি ব্যাংকগুলোর মুনাফা ২১৩ কোটি টাকা বেড়ে গত বছরে নিট মুনাফা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ টাকা। অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোতে গত বছর নিট মুনাফা হয়েছে ১৫ লাখ টাকা। আগের বছরে এসব ব্যাংকের নিট মুনাফা ছিল ১০ কোটি ৯৬ লাখ টাকা।
ব্যাংকের নিট মুনাফা বিষয়ে ব্যাংকার বলেছেন, নিট মুনাফা হিসাব করা হয় পরিচালন মুনাফা সাড়ে ৪২ শতাংশ করপোরেট ট্যাক্স ও প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) কেটে রাখার পর। গত বছর থেকে ব্যাংকগুলোর জন্য নতুন ঋণ নীতিমালা করা হয়েছে। এতে প্রভিশন অনেক বাড়ানো হয়েছে। ফলে ব্যাংকগুলোকে বড় অংকের প্রভিশন রাখতে হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের নিট মুনাফাতেও।
