রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, রায়ে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। দীর্ঘ শুনানির পর অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থন এবং দীর্ঘ আইনি যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ দিয়ে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছে। কাজেই মানবতাবিরোধী অপরাধের বিচারের মানদণ্ড নিয়ে যেসব প্রশ্ন তোলা হয়েছিল তা মিথ্যা প্রমাণিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়স্থ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। এসময় আইন প্রতিমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, এ রায়ে শাহবাগের গণজাগরণের কোনো প্রভাব নেই। তাছাড়া প্রজন্ম চত্বরও বলেছে, তাদের আন্দোলন কোনো অবস্থাতেই ট্রাইব্যুনালকে প্রভাবিত করার জন্য নয়। ট্রাইব্যুনালের বিচারকরা প্রত্যেকেই অভিজ্ঞ ও দক্ষ। সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত সমস্ত কিছু বিবেচনা করে ট্রাইব্যুনাল এ রায় দিয়েছে। বিচারকরা ন্যায়-নিষ্ঠা, নিরপেক্ষতা বজায় রেখে দক্ষতার সাথে এ রায় দিয়েছেন। তিনি বলেন, বিচারকরা সংবিধান ও আইন অনুযায়ী বিচার করবেন বলে শপথ নিয়ে থাকেন। বিচারকরাও শপথ অনুযায়ী তা করে থাকেন। এ কারণে বিচারকদের এ রায়ের প্রতি সকলেরই আস্থা থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন। আইন প্রতিমন্ত্রী বলেন, এ রায়ের মাধ্যমে ’পাপ বাপকেও ছাড়ে না’ বলে যে প্রবাদ রয়েছে তা সত্য প্রমাণিত হয়েছে। এ রায়ের ফলে আনন্দে গা ভাসিয়ে না দিয়ে জনগণকে আরো সজাগ থাকার আহ্বান জানান তিনি।