সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৯
সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত বিদ্রোহীদের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদের চিকিত্সা এবং খাদ্য সাহায্য দিবে যুক্তরাষ্ট্র। এছাড়া বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রশাসন চালানোর জন্য অতিরিক্ত আরো ৬০ মিলিয়ন ডলার আর্থিক সাহায্যেরও অঙ্গীকার করেন তিনি। খবর বিবিসির। ইটালির রাজধানী রোমে ফ্রেন্ডস অব সিরিয়ার এক আলোচনায় কেরি এসব অঙ্গীকার করে বলেন, এর ফলে আসাদকে ক্ষমতা থেকে চলে যেতে সাহায্য করবে এবং একটি গণতান্ত্রিক সরকার গঠনের দিকে অগ্রগতি হবে। ওই আলোচনায় সিরিয়ার বিদ্রোহীদের প্রতিনিধি অংশ নিয়েছেন। সিরিয়ায় সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক সমপ্রদায়ের নীরবতার জন্য বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) রোমের বৈঠকে যোগ না দেয়ার হুমকি দিয়েছিল। কিন্তু পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহায়তার আভাস দিলে তারা বৈঠকে যেতে রাজি হয়। তবে বিদ্রোহীদের এখনই অস্ত্র দেয়ার পরিকল্পনা নেই বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানিয়েছে। যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদের এতদিন পর্যন্ত সরাসরি কোনো সাহায্য দেয়নি। এখন এ সহায়তা পরিকল্পনা দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।