মহাজোট সরকারের ঘরে ঘরে চাকরি দেয়ার নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে রংপুর বিভাগে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’র আওতায় দ্বিতীয় পাইলট স্কিম চালু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কিম উদ্বোধন করেন। এর মাধ্যমে বিভাগের সাত জেলার ৮ উপজেলার ১৬ হাজার বেকারের কর্মসংস্থান হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় প্রধানমন্ত্রীর সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এমপি ও একই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জাহিদ হাসান রাসেল উপস্থিত ছিলেন। এ উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এমপি, আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট ফজলে রাব্বী এমপি, রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান চলাকালে প্রধানমন্ত্রী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সুবিধাভোগী ৩ জনের সঙ্গে কথা বলেন।
জেলা প্রশাসক জানান, দ্বিতীয় পাইলট স্কিমের অংশ হিসেবে রংপুরের পীরগঞ্জ ও কাউনিয়া, দিনাজপুরের খানসামা, নীলফামারীর ডিমলা, গাইবান্ধার ফুলছড়ি, লালমনিরহাটের হাতিবান্ধা, পঞ্চগড়ের সদর এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ জন্য বরাদ্দ এসেছে ৯ কোটি ৫৩ লাখ ২১ হাজার ৪শ ৪০ টাকা। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ ও কাউনিয়া উপজেলার জন্য বরাদ্দ এসেছে ৪ কোটি ১ লাখ ৮০ হাজার ৩শ ৭০ টাকা।
প্রসঙ্গত, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর আগে এই প্রকল্পের প্রথম পাইলট স্কিম কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার সবগুলো উপজেলায় বাস্তবায়িত হয়।
