স্পোর্টস ডেস্ক
এবারে বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। যে কেউই নিজেদের ফেবারিটের তালিকায় চার থেকে পাঁচটি দলের কথা বলছে। ১০ দলের বিশ্বকাপে এমনটা অভাবনীয়। সে কারণেই কি না, শুরুর আগেই এই টুর্নামেন্টকে ক্রিকেট ইতিহাসের সেরা আসর বলে রায় দিয়ে দিলেন সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
সদ্যই মালিঙ্গা প্রথম ‘নন-ব্রিটিশ’ হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিয়েছেন। আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তিনি হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমার মনে হচ্ছে এই বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা টুর্নামেন্ট। আশা করি এবারের প্রতিদ্বন্দ্বিতা অন্য যে কোনো সময়ের চেয়ে তীব্র হবে। দারুণ সব ক্রিকেটীয় কীর্তি দেখার অপেক্ষায় আছি আমরা। সমর্থকরা বেশ উপভোগ করবেন। খেলাধুলার মঞ্চে এটা দারুণ একটা ব্যাপার। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
সাবেক বাঁ-হাতি ব্যাটসম্যান সাঙ্গাকারা মনে করেন, এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার পেছনে আছে ক্রিকেটের বিশ্বায়ন। সে জন্য তিনি আইসিসি ও এমসিসির যৌথ ভূমিকা দেখছেন। বললেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে আইসিসি ক্রিকেটকে বিশ্বের সবপ্রান্তে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ ভালো করছে। আইসিসির কাঠামোতে নতুন নতুন দেশ অন্তর্ভুক্ত হচ্ছে। এমসিসির কাজ হলো পরিকল্পনার। তারা আইসিসির সঙ্গে মিলে ক্রিকেটকে ছড়িয়ে দিচ্ছে।’
বিশ্রামে মালিঙ্গা
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের আগে সামান্য কিছুদিনের বিশ্রাম পাচ্ছেন লাসিথ মালিঙ্গা। সাবেক এই অধিনায়ককে ছাড়াই স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা দলটি। দেশের ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টের সাথে সাথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) মালিঙ্গা খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। তাই ফর্মে থাকা ডানহাতি এই পেসারের বিশ্রামটা প্রাপ্যই ছিল।
১৮ ও ২১ মে এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। বিশ্বকাপের আগে ২৪ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও ২৭ মে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর আগামী ১ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দ্বিমুথ করুনারত্নের দল।
চলমান আইপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাচক ও ম্যানেজার অশান্তা ডি মেল মালিঙ্গার বিশ্রামের ব্যাপারটি নিশ্চিত করলেন। বললেন, ‘প্রায় ৫০দিন ধরে আইপিএলের সাথে যুক্ত আছেন মালিঙ্গা। আইপিএল শেষে তার বিশ্রামের প্রয়োজন রয়েছে। বিশ্বকাপের মতো বড় আসরের আগে তাকে দেয়া দরকার। আগামী ১২ মে পর্যন্ত চলবে আইপিএল। এরপর এক সপ্তাহের বিশ্রামে থাকবেন মালিঙ্গা। ফলে ১৮ ও ২১ মে দুটি ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। ২২ মে কার্ডিফে শ্রীলঙ্কা দলের সাথে যোগ দিয়ে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবেন এ পেসার।’
