স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ দলের মাত্র হাতেগোনা কয়েকজন আছেন ত্রিদেশীয় সিরিজের দলে। ওয়েস্ট ইন্ডিজ দলের বাকিরা ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে। এরপরও যারা আছেন, তাদের জন্য এই আসরটা কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নেওয়ার একটা সুযোগ হবে। অধিনায়ক জেস হোল্ডার মনে করছেন, আজ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের বেঞ্চের সামর্থ্যও ঝালিয়ে দেখতে পারবে সফরকারীরা।
আজ প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা পৌনে চারটায়। ম্যাচটি দিয়ে সুনিল আমব্রিস, জন ক্যাম্পবেল, শেন ডওরিচ ও রেয়মন রেইফারের মতো তরুণরা নিজেদের প্রতিভার সাক্ষর রাখতে পারবেন।
ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে ডাবলিনের প্রেমবার্ক ক্রিকেট ক্লাব মাঠে অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজও। শীর্ষ ক্রিকেটাররা না থাকলেও এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের আগে নিজেদের ঝালাই করে নেবে ক্যারিবিয়ানরা— এমনটাই অভিমত অধিনায়ক জেসন হোল্ডারের। তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদার আসর হলো বিশ্বকাপ। ঐ আসরে ভালো করতে চায় সব দলই। আমরাও এর ব্যতিক্রম নই। বিশ্বকাপের আগে হাতে খুব বেশি সময় নেই। এই সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেয়া যাবে। এই সিরিজটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে ৪/৫টি ম্যাচ খেলতে পারবো আমরা। এই ম্যাচগুলো দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের ভালোভাবে গুছিয়ে নিতে হবে আমাদের। এখান থেকেই ভালো ক্রিকেট খেলে আমরা বিশ্বকাপের মঞ্চে পা রাখতে চাই ।’
এবারের বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও শক্তিমত্তার দিক থেকে আইরিশরা যে খুব বেশি পিছিয়ে নেই, তার প্রমাণ পাওয়া গেছে শুক্রবার রাতেই। ওয়ানডেতে বিশ্বের এক নম্বর দল ইংল্যান্ড দলের বিপক্ষে ডাবলিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল তারা। আইরিশদের ১৯৮ রানের জবাবে মাত্র ৬৬ রান তুলতেই ছয় উইকেট হারিয়ে বসেছিল ইংলিশরা। শেষ অবধি অভিষেক ম্যাচ খেলতে নামা উইকেটরক্ষক বেন ফোকস ও বোলার টম কারানের সপ্তম উইকেটে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বস্তির জয় পায় বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি।
এই ম্যাচের অভিজ্ঞতায় এখন ত্রিদেশীয় সিরিজে আরো ভালো করার লক্ষ্যে আছে আইরিশরা। অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। অল্প পুঁজি নিয়েও বোলাররা যেভাবে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। এ ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমাদের ভুলগুলো বুঝতে পারলাম। এ ম্যাচের অভিজ্ঞতা কাল থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে কাজে লাগবে।’
তবে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের প্রতি শ্রদ্ধার কোনো কমতি নেই আয়ারল্যান্ডের। পোর্টারফিল্ড বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ খুই ভালো দল। তাদের সাথে সহজে জয় পাওয়া যাবে না। তিন বিভাগেই আমাদের ভালো করতে হবে। তবে জয় দিয়ে আসর শুরু করতে পারলে দারুণ হবে।’
