ত্রিপুরা মেঘালয় নাগাল্যাণ্ড বিধানসভা নির্বাচনে শাসক দলের জয়লাভ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩১
ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে শাসক দলগুলোই জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভার তিনটি আসনে উপনির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামফ্রন্ট একটি করে আসনে জয়লাভ করেছে, হেরে গেছেন তৃণমূলের এক মন্ত্রী। কলকাতা থেকে তারিক হাসান জানান, পশ্চিমবঙ্গে উপনির্বাচনে একটি আসনে জিতে ও দুটিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে লোকসভা নির্বাচনের আগে মানসিকভাবে চাঙ্গা হলো সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট। অস্বস্তি বাড়লো তৃণমূলে। গত ২৩ ফেব্রুয়ারি তিনটি আসনে ভোট গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র অভিজিত্ লোকসভায় জয়লাভ করে বিধানসভা থেকে পদত্যাগ করায় ও হুমায়ুন কবির ও কৃষ্ণেন্দু চৌধুরি কংগ্রেস ছেড়ে তৃণমূলের মন্ত্রী হওয়ায় তাদের আসনগুলো শূন্য হয়। একটি আসনে তৃণমূলের মন্ত্রী হুমায়ুন কবিরকে পরাজিত করে জয়লাভ করেন কংগ্রেসের রবিউল আলম চৌধুরি। আরেকটি আসনে জয় পেয়েছেন বামফ্রন্টের শরীক ফরোয়ার্ড ব্লকের প্রার্থী। দুটি আসনেই তৃণমূল তৃতীয় স্থানে রয়েছে। তবে অন্য আসনে জয়লাভ করেছেন তৃণমূলের মন্ত্রী কৃষ্ণেন্দু চীেধুরি। ত্রিপুরা রাজ্যে সপ্তম বারের মতো ক্ষমতায় এলো বামফ্রন্ট। মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে সিপিএম ও তার শরীকরা ৬০টি আসনের মধ্যে ৫০টিতেই জয়লাভ করেছে। কংগ্রেস পেয়েছে ১০টি আসন। ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হয়। এনডিটিভি জানায়, মেঘালয়ে ৬০ আসনের বিধানসভায় ২৯টি আসন পেয়েছে ক্ষমতাসীন কংগ্রেস। তাদের শরীক ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ৮টি আসন। ১৩টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নাগাল্যান্ডে ক্ষমতাসীন নাগা পিপলস ফ্রন্ট টানা তৃতীয়বার জয়লাভ করেছে। ৬০ আসনের বিধানসভায় ক্ষমতাসীন জোট আগের চেয়ে ১২টি আসন বেশি পেয়ে ৩৮টি আসনে জয়লাভ করেছে। কংগ্রেসের আসন ১৮টি থেকে কমে ৮টি হয়েছে। বিপুল পরিমাণ অর্থ, অস্ত্র ও মদসহ গ্রেফতার ও পরে পদত্যাগকারী স্বরাষ্ট্রমন্ত্রী ইমকং এল ইম্পচেন জয়লাভ করেছেন। মেঘালয় ও নাগাল্যান্ডে ২৩ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হয়।