মেরামতের অজুহাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ঈশা খাঁ হলে গত বৃহস্পতিবারও শিক্ষার্থীদের প্রবেশ করতে দেয়নি প্রশাসন। হলে প্রবেশের দাবিতে শিক্ষার্থীরা গত বুধবার থেকে করিম ভবনে অবস্থান ধর্মঘট পালন করছে। ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের কারণে টানা ৩৮ দিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলেও ঈশা খাঁ হলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বৃহস্পতিবারও অবস্থান ধর্মঘট অব্যাহত রাখে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন মেরামতের অজুহাতে ঈশা খাঁ হলের আবাসিক শিক্ষার্থীদের প্রবেশ করতে না দিলে গত বুধবার দুপুর থেকে পাশে করিম ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন শুরু করে। পরে রাতে তারা তাঁবু গেড়েই সেখানে অবস্থান করে। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সকাল থেকেই সেখানে অবস্থান ধর্মঘট পালন করে। এদিকে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে সকল ধরনের মিছিল-মিটিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ করে বৃহস্পতিবার মাইকিং করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবস্থান ধর্মঘট বন্ধ করতে শিক্ষার্থীদের অন্যান্য হলে উঠতে বলেছেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থী বলছেন, ঈশা খাঁ হল ছাড়া তারা অন্য কোন হলে উঠবেন না এবং অবস্থান ধর্মঘটও স্থগিত করবেন না। এ বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. শহীদুর রহমান খান বলেন, হলটি বসবাসের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া হচ্ছে না। শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে তিনি বলেন, তারা এক পর্যায়ে এমনিতেই আন্দোলন বন্ধ করবে।
