নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব চিড়াভিজা গোলনা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণীকক্ষ না থাকায় খোলা আকাশের নিচে বসে ক্লাস করছে কোমলমতি শিশুরা। সরেজমিনে দেখা গেছে, স্কুলটিতে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ২৩৩ জন শিশু শিক্ষার্থী রয়েছে। মাত্র তিনটি ক্লাসরুমে এত সংখ্যক শিক্ষার্থীর স্থান সংকুলান না হওয়ায় শিশু শ্রেণী, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের পাঠদান কার্যক্রম চলে স্কুলের মাঠে খোলা আকাশের নিচে। স্কুল মাঠে পর্যাপ্ত গাছপালা না থাকায় রোদ কিংবা সামান্য বৃষ্টি নামলেই শিক্ষকরা বাধ্য হয়ে স্কুল ছুটি দেন। ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হয়। ১৯৯৭ সালে নির্মিত স্কুল ভবনটির বিভিন্ন অংশের পলেস্তারা উঠে গিয়ে সেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষকরা জানান, ইতিপূর্বে পলেস্তারা ভেঙ্গে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল। এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম ইত্তেফাককে বলেন, ‘স্কুলটি সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। আবেদন করলে বিষয়টি শিক্ষা কমিটিতে তুলে ধরা হবে।’
