নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে উঠেছেন। এছাড়াও শেষ চারের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচ ও চতুর্থ বাছাই আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোও।
সহজ জয় দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছেন জোকোভিচ। যদিও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে রবার্তো বাতিস্তা অগাটকে হারাতে শীর্ষ বাছাই এই সার্বিয়ানকে ঝরাতে হয়েছিল বাড়তি ঘাম। ম্যাচের দ্বিতীয় সেটে দেখা গিয়েছিল মনোসংযোগের অভাবও। তবে কোয়ার্টার ফাইনালে দুবাইয়ের সেন্টার কোর্টে দর্শকরা দেখতে পেয়েছেন সেই চিরচেনা ‘জোকার’কেই। শেষ আটের লড়াইয়ে জোকোভিচ ৬-০, ৬-৩ গেমে হারিয়েছেন ইতালির আন্দ্রেস সিপ্পিকে।
জোকোভিচের দুর্দান্ত সব সার্ভিসের মুখে প্রথম সেটে অসহায় হয়ে পড়েন সিপ্পি। এই সেটে মাত্র এগারোটি পয়েন্ট খোয়ানো জোকো তার ইতালিয়ান প্রতিপক্ষকে উড়িয়ে দেন একটিও গেম না হেরে। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন সিপ্পি। পঞ্চম গেমটি নিজের পকেটে পুরে ‘জোড়া শূন্য’ এড়ান তিনি। তবে বেস লাইন থেকে জোকোভিচের চিরচেনা ফোরহ্যান্ডগুলোর কোন জবাব ছিল না সিপ্পির কাছে। ফলে ম্যাচের বয়স দেড় ঘন্টা পেড়োনোর আগেই হার মেনে নিতে বাধ্য হন তিনি।
শেষ চারে জোকোভিচের প্রতিপক্ষ হবেন আর্জেন্টিনার দেল পোত্রো। কোয়ার্টার ফাইনালে পোর্তো ৬-৪ ও ৬-২ গেমে হারিয়েছেন জার্মানির ড্যানিয়েল ব্যান্ডসকে।
ফেদেরার সহজ জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। এরপর শেষ আটের লড়াইয়ে সুইস খেলোয়াড়টির প্রতিপক্ষ ছিলেন রাশিয়ার নিকোলা ডেভিডেঙ্কোকে। দুর্দান্ত ফর্মে থাকা সুইস সুপারস্টার ৬-২ ও ৬-২ গেমে ম্যাচটি জিতে নিয়ে টুর্নামেন্টে নিজের ষষ্ঠ শিরোপার দিকে আরো এক ধাপ এগিয়ে যান। সেমিতে ফেদেরার মুখোমুখি হবেন বার্ডিচের। কোয়ার্টার ফাইনালে রাশিয়ার দিমিত্রাই টারসুনোভকে হারিয়েছেন বার্ডিচ। ম্যাচের স্কোর লাইন ছিল ৬-৩ ও ৬-২।
