জগন্নাথপুরে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণে ধীরগতিতে হতাশা

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩৭
পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম ঔদাসীন্য ও সময়মতো প্রকল্পের অর্থ বরাদ্দ না থাকায় জগন্নাথপুর উপজেলার বৃহত্ নলুয়ার হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ বিলম্বিত হচ্ছে। এতে কৃষকরা বোরো ফসল নিয়ে চরম উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে রয়েছে। সরকারিভাবে বেড়িবাঁধ নির্মাণের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। গত বছরের ১৭ ডিসেম্বর শুরু হওয়া বেড়িবাঁধের কাজ গতকাল ২৮ ফেব্রুয়ারির মধ্যে শতভাগ সম্পন্ন হওয়ার কথা থাকলেও কৃষকরা জানান ৪০ ভাগ কাজ হয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড দাবি করেছে ৭০ ভাগ কাজ এ পর্যন্ত হয়েছে। পাউবোর কর্মকর্তারা জানান, বাকি ৩০ ভাগ কাজ মার্চের ২য় সপ্তাহে শেষ করা হবে। কৃষকরা জানান, পানি উন্নয়ন বোর্ডের নলুয়ার হাওর বেড়িবাঁধ নির্মাণ কাজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চরম ঔদাসীন্য ও গাফিলতির কারণেই নলুয়ার হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের ৬০ ভাগ কাজ এখনও বাকি রয়েছে। চলতি মাসে ঝড়-বৃষ্টি শুরু হলে বাঁধ নির্মাণ কাজ বন্ধ হয়ে যাবে। সময়মতো বেড়িবাঁধ নির্মাণ না হলে বোরো মৌসুমের শুরুতেই হাওরে পানি ঢুকে হাজার হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে যাওয়ার আশংকা করছে কৃষকরা। দ্রুত বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যে গত সোমবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ফসলরক্ষা বেড়িবাঁধ কমিটির সভাপতি ইউএনও আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা প্রমুখ। বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে ফসলরক্ষা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। হাওররক্ষা বেড়িবাঁধ তদারক কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা জানান, উপজেলার নলুয়ার হাওরে ৭৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য ২১টি পিআইসি কমিটি রয়েছে। সময়মতো অর্থ বরাদ্দ না পাওয়ায় হাওরটির ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজ বিলম্ব হচ্ছে।