মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাজার ইজারাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ৫০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজদিখান থানার এস আই মোঃ হানিফ জানান, বালুর চর বাজারের ইজারা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলেক চাঁন মুন্সী ও নুরু বাউল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এ সময় আলেক চাঁন মুন্সীর বসতবাড়িসহ বেশ কয়েকটি ঘরে প্রতিপক্ষরা আগুন লাগিয়ে দেয়। সংঘর্ষে ঢাল, সড়কি, রামদা, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. দুলাল হোসেন জানান, টেঁটাবিদ্ধ ও গুরুতর আহতদের উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলেক চাঁন মুন্সী অভিযোগ করেন, নুরু বাউলের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তবে নুরু বাউল এ অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় ১০-১২টি বাড়িঘর ভাঙচুর হয়েছে। এতে আমার লোকজন জড়িত নয়। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কাসেম জানান, বাজারটির টেন্ডার জমার দিন ছিল বৃহস্পতিবার। এই বাজারের সর্বোচ্চ দরে টেন্ডার পড়েছে ৯ লাখ ৫৩ হাজার টাকার। এই ইজারায় সমাঝোতা না হওয়ার কারণেই সহিংসতা হয় বলে স্থানীয় সূত্র জানায়।
