৪৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বড়পুকুরিয়া কয়লাখনির গাড়ি চালকসহ চার জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৪০
ফুলবাড়ির বড়পুকুরিয়া কয়লাখনির পুরানো লোহালক্কড় বিক্রির ওয়ার্ক অর্ডার দেখিয়ে ৪৯ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে চীনাদের গাড়ি চালক। এঘটনায় গাড়ি চালকসহ ৪ জনের বিরুদ্ধে ফুলবাড়ি থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে একজন গাড়ি চালকের ১৮ কোটি টাকা মূল্যের ২০ হাজার টন পুরানো মালামাল বিক্রির ঘটনাটি জানাজানি হওয়ার পর কয়লাখনিতে তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে চালকের পরিবার বলছে, সোমবার ৩০ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বেরোনোর পর আর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। চালকের মা আছিয়া বেওয়া বলেন, গত সোমবার তার ছেলে বাড়ি থেকে টাকা নিয়ে খনির উদ্দেশ্যে রওনা হওয়ার পর নিখোঁজ রয়েছে। তার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে তা তার জানা নেই। এ বিষয়ে কথা বলার জন্য কয়লাখনি মহাব্যবস্থাপক (মাইনিং) হাবিবউদ্দিনকে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তা রিসিভ করেননি। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ-ওসি (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, বিষয়টির তদন্তসহ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।