ইউরিয়া সার পাচার বন্ধে নেত্রকোনায় মোবাইল কোর্ট !

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৪৩
নেত্রকোনার বেশকিছু সার ডিলার যথাসময়ে সার উত্তোলন করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। একমাসের বরাদ্দকৃত সার পরের মাসেও নেত্রকোনায় আনা হচ্ছে না। পরিবহন ব্যবস্থার অজুহাতে কিছু ডিলার এধরনের কাজ করছেন বলে জানা গেছে। আশুগঞ্জ সার কারখানা থেকে ট্রাকে বা রেলে সার পরিবহনের ব্যবস্থা থাকলেও ডিলাররা ট্রাকের পরিবর্তে রেলে সার আনতে ইচ্ছুক। এতে করে পরিবহন খরচ কম লাগে বলে তারা জানান। কিন্তু যথাসময়ে রেল ওয়াগনের অভাবে সার পরিবহনে সমস্যা হচ্ছে। তবে কয়েকজন সার ডিলার জানান, কারখানা থেকে সার আনতে গিয়ে তারা নানানভাবে হয়রানির শিকার হন। এখন মার্চ মাস। সারের যাতে সংকট না হয় সেজন্য জেলা প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে একটি সূত্র জানায়। সকল ডিলারকে যথাসময়ে সার উত্তোলন করে স্ব স্ব এলাকায় পৌঁছানোর নির্দেশও প্রদান করা হয়েছে। এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।