কোপা আমেরিকার প্রস্তুতি
স্পোর্টস ডেস্ক
ব্রাজিল এই গ্রীষ্মে কোপা আমেরিকা আয়োজনের আগে হন্ডুরাস ও কাতারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) গত শুক্রবার এ তথ্য জানায়।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ৫ জুন ব্রাসিলিয়ায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে। এর চারদিন পর পোর্তো অ্যালেগ্রেতে খেলবে হন্ডুরাসের সঙ্গে। ব্রাজিল ১৪ জুন সাও পাওলোতে বলিভিয়ার বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে। দক্ষিণ আমেরিকার ১০টি দেশের পাশাপাশি অতিথি কাতার ও জাপানকে নিয়ে শুরু হবে ২০১৯ সালের কোপা আমেরিকা। ব্রাজিলের পাঁচটি শহরে ১৪ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকা প্রতিযোগিতা। হন্ডুরাসের জন্যও খেলাটি হবে গোল্ড কাপের প্রস্তুতি। কনকাকাফ অঞ্চলের ১৬টি দেশ মিলে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। হন্ডুরাস এই গোল্ডকাপে নিজেদের প্রথম খেলায় ১৮ জুন কিংস্টনে জ্যামাইকার মোকাবেলা করবে।
