রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু

আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর বাজারে মৌসুমের রসালো ফল লিচু উঠেছে। তবে লিচুর দাম বেশ চড়া হাকিয়েছেন বিক্রেতারা। শনিবার নগরীর সাহেববাজার, উপশহর নিউমার্কেট ও শিরোইল রেলওয়ে স্টেশনের প্রবেশপথে বিক্রেতারা লিচুর ঝুড়ি নিয়ে বসেন। মৌসুমের প্রথম দিন নামানো লিচুর দাম হাকা হয় প্রতিশত সাড়ে ৩০০ টাকা থেকে ৪২০ টাকা পর্যন্ত।

শনিবার নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় হাসমত আলী বিক্রি করেন লিচু। তিনি বলেন, বাজারে নতুন লিচু উঠেছে। তাই দাম একটু বেশি। এ ছাড়া উপশহর নিউমার্কেট ও শিরোইল রেলওয়ে স্টেশন এলাকায় লিচু বিক্রি করেন নাহারুল ইসলাম ও রবিউল ইসলাম। তারা নগরীর বায়া এলাকার একটি বাগান থেকে লিচু কিনেছেন। তারাও সাড়ে ৩০০ টাকা থেকে ৪২০ টাকা দামে লিচু বিক্রি করেন।

লিচু ক্রেতা হিমু খান বলেন, নতুন ফল, দামেও বেশি। তাই ৫০টি কিনলাম। দাম কমলে তখন বেশি করে কিনবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আবদুল ওয়াদুদ বলেন, এবার ৪৯০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। এ ছাড়া গত বছর ৪৭৬ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছিল। গত কয়েক বছরে আমের পাশাপাশি শুধু লিচু চাষ করেই জেলার শতাধিক চাষি স্বনির্ভর হয়ে উঠেছেন। এখন ছোট-বড় মিলিয়ে রাজশাহী শহরেই শতাধিক লিচুর বাগান রয়েছে। বাগান ছাড়াও বসতবাড়িতে দেশি লিচুর পাশাপাশি উচ্চ ফলনশীল চায়না-৩ এবং বোম্বে ও মাদ্রাজি জাতের লিচু চাষ হচ্ছে। তাই হালে লিচু চাষও জনপ্রিয়তা পেয়েছে এ অঞ্চলে। তিনি আরো বলেন, এখন লিচু চাষেও কৃষকের আগ্রহ বাড়ছে। লিচু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হওয়ায় লিচুতে নীরব বিপ্লব ঘটতে চলছে।