বয়স্করা তাদের চলাফেরা করার জন্য প্রায়শই ছড়ি ব্যবহার করে থাকেন। এই ছড়িই তাদের পথ চলতে সহায়তা করে থাকে। এবারে এই ছড়িকেই বিশেষভাবে ডিজাইন করে তৈরি করেছে জাপানি টেক জায়ান্ট ফুজিত্সু। সময়ের সাথে সাথে সবকিছুতেই যখন প্রযুক্তির ব্যবহার চলছে, তখন এই ছড়িতেও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে ফুজিত্সু। স্যাটেলাইট নেভিগেশন ছাড়াও এই ছড়িতে ব্যবহার করা হয়েছে শারীরবৃত্তীয় তথ্য গ্রহণের সুবিধা; অনলাইনে ছড়িকে অনুসরণের ব্যবস্থাও রয়েছে এতে। এই ছড়ি মূলতই তৈরি করা হয়েছে বয়স্কদের জন্য। তারা যেকোনো স্থানে যেতে চাইলে এই ছড়ি তাদের পথ নির্দেশ করতে পারবে স্যাটেলাইট নেভিগেশনের মাধ্যমে। পথের এই নির্দেশনা ছাড়াও এর মাধ্যমে হূদস্পন্দনের গতি এবং তাপমাত্র পরিমাপ করা যায়। এই ছড়ির গতিপথকে অনলাইনের মাধ্যমে অনুসরণ করা যায়। আবার ছড়ি ব্যবহারকারী যদি কোনো পরিস্থিতে রাস্তায় পড়ে যাওয়ার উপক্রম হন, তাহলে এই ছড়ি ইমেইলের মাধ্যমে সতর্কবার্তাও জানিয়ে দিতে সক্ষম। জিপিএস, থ্রিজি এবং ওয়াই-ফাই সমর্থিত এই ছড়ির উপরের দিকে রয়েছে এলইডি ডিসপ্লে, যার মাধ্যমে ব্যবহারকারীর জন্য পথের নির্দেশ পাওয়া যাবে। পথ চলার সময় দিক বদলের প্রয়োজন হলে ছড়িটি ভাইব্রেশনের মাধ্যমে তা জানিয়ে দেয় এবং ডিসপ্লেতে নির্দিষ্ট দিকে তীর চিহ্ন ফুটে ওঠে। এই ছড়িটি চলার সময়ে তার অবস্থানসহ অন্যান্য তথ্য সরাসরি প্রেরণ করে অনলাইনে। ফলে ব্যবহারকারীর পরিচিত যে কেউ তা অনুসরণ করতে পারবে। বার্সেলোনায় অনুষ্ঠিত হয়ে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ছড়ি প্রদর্শন করে ফুজিত্সু। জাপানের বয়স্কদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান এরকম প্রযুক্তিনির্ভর সেবা নিয়ে হাজির হচ্ছে। এই ধারাতেই এবারে ফুজিত্সু নিয়ে এল এই স্মার্ট ছড়ি। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অবশ্য এই ছড়ি ছাড়াও বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যানড্রয়েড স্মার্টফোনও নিয়ে এসেছে।
