চট্টগ্রাম অফিস
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের (এইউডব্লিউ) এর ৭ম সমাবর্তন আগামী ১১ মে বেলা ২টায় চট্টগ্রামের রেডিসন ব্লু তে অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে ১২টি দেশের ১৮৪ জন ছাত্রীকে ডিগ্রি প্রদান করবে এইউডব্লিউ। গত শনিবার বিশ্ববিদ্যালয়টির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নির্মলা রাও।
উপাচার্য জানান, এবারের সমাবর্তনে সভাপতিত্ব করবেন এইউডব্লিউ’র চ্যান্সেলর চেরি ব্লেয়ার। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আফগানিস্তানের অর্থমন্ত্রী প্রফেসর মুহাম্মদ হুমায়ন কাইয়ুমী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী প্রফেসর রেজওয়ানা চৌধুরী বন্যা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পর্যন্ত ১৬টি দেশের মোট ৭১২ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স।
