জনদুর্ভোগ চরমে
রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক এবং শ্রমিক ইউনিয়ন সংগঠনের ডাকে চট্টগ্রামের উপজেলাসহ তিন পার্বত্য জেলার ১৩ সড়কে শনিবার সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত হয়েছে। তরিকতের নামে মুনিরীয়া যুব তবলীগ কমিটির সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন সংগঠন দুটো।
ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে মাঠে নামে চট্টগ্রাম বাস-মিনি বাস মালিক সমিতি, চট্টগ্রাম বাস-মিনি বাস শ্রমিক ইউনয়ন, রাউজান অটোরিকশা সমিতির কর্মীরা। এতে রাউজানে জনদুর্ভোগ চরমে।
চট্টগ্রাম-তকিরহাট সড়ক, চট্টগ্রাম-রাউজান সড়ক, চট্টগ্রাম-নানিয়ারচর সড়ক, চট্টগ্রাম-মহালছড়ি সড়ক, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক, রাঙ্গামাটি-নানিয়ারচর সড়ক, রাঙ্গামাটি-মহালছড়ি সড়ক, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক, রাঙ্গামাটি-বড়ইছড়ি সড়ক, রাঙ্গামাটি-রাজস্থলী সড়ক, রাঙ্গামাটি-বান্দরবান সড়ক, রাঙ্গামাটি-মারিস্যা সড়ক এবং চট্টগ্রাম-রাইখালী সড়ক ধর্মঘটের আওতায় থাকলেও রাউজানে অভ্যন্তরীণ সড়কগুলোতে গাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন শ্রমিক নেতারা।
সরেজমিনে দেখা যায়, বেরুলিয়া বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের পাশে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ফাঁকা রাস্তায় কিশোরেরা ক্রিকেট খেলায় মেতে উঠেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ধর্মঘটের ডাক দেয় সংগঠন দুইটির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি ও মোহাম্মদ ইউনুচ।
