আজ শংকু দিবস

রংপুরে নানা কর্মসূচি

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৬
রংপুর প্রতিনিধি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে আজকের এই দিনে স্বাধীনতা যুদ্ধে প্রথম শহীদ হয় রংপুরের ১২ বছরের টগবগে কিশোর তত্কালীন কৈলাশ রঞ্জন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শংকু সমদ্দার। আজকের এই দিনটি রংপুরবাসীর কাছে ‘শংকু দিবস’ হিসাবে চির স্মরণীয় হয়ে রয়েছে। দিবসটি পালনে প্রতিবছরের মতো এবারও রংপুরের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনসহ নবগঠিত শংকু স্মৃতি সংসদের পক্ষ থেকে আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়াও তার পরিবারের পক্ষ থেকে পারিবারিকভাবে পূজা-অর্চনার মধ্যদিয়ে দিবসটি পালনসহ তার মায়ের নিজ উদ্যোগে এলাকার কিছু শিশুকে খাওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে। স্বাধীনতা যুদ্ধের প্রথম শহীদ রংপুরের শংকু সমদ্দারের মা দিপালী সমদ্দার (৯০) এখনও ভাতা পাননি। নানা রোগে-শোকে ভুগে মৃত্যুশয্যায় শংকুর মা এখনও আশা ছাড়েনি সরকারি ভাতার। জীবনের শেষলগ্নে এসে সরকারের কাছে তার একটাই দাবি- শহীদের স্বীকৃতিস্বরূপ ভাতা পেলে শহীদ পুত্রের আত্মা শান্তি পাবে।