বঙ্গবন্ধু সেতুর অধিকাংশ ল্যাম্পপোস্টে বাতি নেই

আপডেট : ০২ মার্চ ২০১৩, ২১:১৭
সিরাজগঞ্জ প্রতিনিধি বঙ্গবন্ধু যমুনা সেতুর ১৫৩টি লাইট পোস্টের অধিকাংশ লাইটগুলো নষ্ট হয়ে যাওয়ায় রাতের বেলায় সেতু অন্ধকারে ঢাকা থাকছে। এ কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে পাড়াপাড় হচ্ছে। অপরদিকে সেতুতে ফাটল মেরামত কাজ চলায় সেতুর একটি লেন বন্ধ রাখা হয়েছে। এ কারণে ঢাকা ও উত্তরাঞ্চলগামী যানবাহনগুলো একটি লেন দিয়ে চলাচলের কারণে দীর্ঘ সময় যানজটে পড়তে হচ্ছে যাত্রীদের। তার উপর রাতের বেলায় সেতুর লাইটগুলোর অর্ধেকের বেশি লাইট নষ্ট থাকায় ঝুঁকির মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে বলে মনে করেন যাত্রীরা। বেসরকারি হিসেবমতে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে এই সেতুর উপর দিয়ে। দিনের বেলায় যানবাহন চলাচল একটু কম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। এ জন্য সেতুর টোল আদায়কারীদের বিপাকে পড়তে হয়। প্রায় অনেকদিন হলো সেতুর উপরের ১৫৩টি লাইটের মধ্যে অধিকাংশ লাইটগুলো নষ্ট হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে অন্ধকারে ঢাকা থাকছে দেশের বৃহত্ এই সেতুটি। এ জন্য সেতুর সৌন্দর্য নষ্ট হচ্ছে। যে লাইটগুলো রাতের বেলায় জ্বলছে তা পুরো সেতুটিকে আলোকিত করতে পারছে না। এ কারণে ঝুঁকির মধ্যে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে দািয়ত্বশীল এক কর্মকর্তা জানান, সেতুর উপর মেরামত কাজ চলছে। এর মধ্যে লাইটগুলো মেরামত করা হচ্ছে। আগামী এপ্রিলের মধ্যে সেতুর সংস্কার কাজ শেষ হলে পুরনো যৌবন ফিরে পাবে বঙ্গবন্ধু যমুনা সেতুর।